কুষ্টিয়ায় পীর শামীম হত্যা: রাজশাহী থেকে আরেক আসামি গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীর (৬৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১ মে) রাজশাহী র্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজীব মিস্ত্রি (৩২) ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রির ছেলে এবং মামলার ৩ নম্বর আসামি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ রাজশাহী ও র্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি উক্ত ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিকে তদন্তকারী কর্মকতার নিকট হস্তান্তরের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান শামীমকে তার আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এবং দরবার শরিফ ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটানো হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন।
