বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে আগামীকাল বৃহস্পতিবার ক্রয় চুক্তি সই করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট একটি সূত্র টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানের বহর সম্প্রসারণ ও সংস্থাটিকে আধুনিকীকরণের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বোয়িং ও বিমানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতিমন্ত্রী মিল্লাত গত সপ্তাহে বলেছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার প্রচেষ্টার অংশ হিসেবে সরকার আগামী ৩০ এপ্রিলের মধ্যে বোয়িংয়ের সঙ্গে ১৪টি বিমান ক্রয় এবং আরও কয়েকটি লিজ নেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে কাজ করছে।
এর আগে, ৪ এপ্রিল তিনি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার ১৪টি বোয়িং বিমান ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক স্বাক্ষর বাকি রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমানের জন্য ৮টি বোয়িং ৮৭৮-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ও ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স কেনা হবে।
প্রতিমন্ত্রী মিল্লাত এর আগে জানিয়েছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তীব্র উড়োজাহাজ সংকট কাটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে বিমানের বহরে আন্তর্জাতিক রুটের জন্য ১৯টি উড়োজাহাজ থাকলেও ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন। ২০৩৪-৩৫ অর্থ বছরের মধ্যে বিমানের বহরে মোট উড়োজাহাজের সংখ্যা ৪৭টিতে উন্নীত করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কাজ শুরু করেছে।
সূত্রমতে, বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে সরবরাহ করার কথা রয়েছে। বাকি বিমানগুলো ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।
