সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস
সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে 'দ্য মেম্বারস অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬'- পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
আইনমন্ত্রী বিলটি উত্থাপনের উদ্দেশ্য ও কারণ হিসেবে বলেন, 'জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ-সদস্যদের নিজের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানি একদিকে যেমন নির্বাচনি প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যদিকে তেমনি এ ধরনের শুল্কমুক্ত সুবিধা কর দেওয়ার ক্ষেত্রে দেশের মালিক জনগণের সঙ্গে দৃশ্যমান বৈষম্য তৈরি করে।'
তিনি বলেন, 'এই পরিপ্রেক্ষিতে সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন।'
তিনি আরও বলেন, 'রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সঙ্গে সাম্য প্রতিষ্ঠাকল্পে উক্ত সুবিধা বাতিল করার জন্য 'দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩'-এর আর্টিকেল থ্রি সি বিলুপ্তির উদ্দেশ্যে এই বিলটি উত্থাপন করা হলো।'
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিলটি পাসের জন্য ভোটে দেন। উপস্থিত সংসদ সদস্যরা কণ্ঠভোটে পাস করেন। এর ফলে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পাবেন না।
এর আগে, গত ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ কমিটির সভায় সংসদ সদস্যদের এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়।
