এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশেরর জন্য বাজেট সহায়তা বাবদ ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থছাড় করেছে। এই ঋণের অর্থ বাংলাদেশের হিসাবে যুক্ত হওয়ায়, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বেড়েছে।
এতে করে দেশের গ্রস বা মোট রিজার্ভ বেড়ে আজ রোববার ৩১ দশমিক ০৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১০ জুন দেশের রিজার্ভ ছিল ৩০.০৭ বিলিয়ন ডলার। আজ এডিবির ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তার ঋণ পাওয়ার পর রিজার্ভের পরিমাণে বড় পরিবর্তন আসে। সামনে অন্যান্য দাতাসংস্থার কাছ থেকেও বেশকিছু ঋণ ছাড়ের কথা রয়েছে। সেসব ঋণ এলে রিজার্ভের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
