করোনা থেকে মুক্তি, চট্টগ্রামে বন্ধ করা হলো মিলাদ মাহফিল
চট্টগ্রামে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আয়োজিত দুটি মিলাদ মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার রাতে নগরের আতুরার ডিপোর জাঙ্গালপাড়া জামিয়া মসজিদ ও ডবলমুরিং থানার খাজা মনছুর আলী মাজারে এসব মিলাদ মাহফিল হওয়ার কথা ছিল।
আতুরার ডিপোর জাঙ্গালপাড়া মিলাদ মাহফিলটি বন্ধ করতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন রায়। তিনি বলেন, এলাকাবাসী করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে। পরে খবর পেয়ে মাহফিল আয়োজন বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে সতর্ক করা হয়।
ডবলমুরিং এলাকায় মিলাদ মাহফিল বন্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার। তিনি বলেন, বিকেল ৫টার দিকে মিলাদে জড়ো হওয়া লোকজন সরিয়ে দিয়ে আয়োজন বন্ধ করা হয় এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে মাজারের মোতোয়াল্লীকে নির্দেশ দেওয়া হয়।
পাহাড়তলীতে একটি ভবনের বাসিন্দারা কোয়ারেন্টিনে
নগরের পাহাড়তলী এলাকার শাপলা আবাসিকের একটি ভবনের ছয়টি পরিবারকে কোয়ারেন্টিন মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পরীক্ষার জন্য ওই ভবনের বাসিন্দা এক নারীর নমুনা সংগ্রহ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ৩৫ বছর বয়সী এক নারীর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এরপর ভবনটির ছয়টি পরিবারকে হোম কোয়ারেন্টিন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব অভিযানে যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
