তামিমের খেলা নিয়ে শঙ্কা
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের মাঠের লড়াই বুধবার শুরু হচ্ছে। হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। এই ম্যাচে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অভিজ্ঞ এই ওপেনারের না খেলার সম্ভাবনাই বেশি। কোচ রাসেল ডমিঙ্গোর পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও এমনই ইঙ্গিত দিয়েছেন।
তামিমের ডান হাঁটুর চোটটা পুরনো। গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ চলাকালীন হাঁটুতে চোট পান বাঁহাতি এই ব্যাটসম্যান। বেশ কয়েকদিন বিশ্রামের পর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে অংশ নেন তিনি। তবে ব্যথা বাড়ায় সুপার লিগ খেলেননি তামিম। জিম্বাবুয়েতে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করতে নেমে তার হাঁটুর ব্যথা আরও বেড়েছে।
সব মিলিয়ে তামিমকে ছাড়াই একমাত্র টেস্ট খেলার চিন্তা করতে হচ্ছে বাংলাদেশকে। আগেরদিন রাসেল ডমিঙ্গো বলেছিলেন, 'তামিমের খেলা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তাকে নিয়ে সংশয় আছে। টেস্টে তার খেলার ব্যাপারে আরও পরে সিদ্ধান্ত নেওয়া হবে।'
মঙ্গলবার মিনহাজুল আবেদীনও এমনই জানালেন। প্রধান নির্বাচক বলেন, 'এটা অবশ্যই একটা চিন্তার বিষয় (তামিমের না খেলা)। কারণ একটা সেরা খেলোয়াড় দলে না থাকলে সেটা কঠিন। তারপরও আমি মনে করি হয়তো আজ বোঝা যাবে। আজ অনুশীলন সেশনের পর বোঝা যাবে কোন অবস্থায় আছে। আগাম কিছু বলা যাবে না।'
বিশ্রামের মাধ্যমে তামিম দ্রুতই ফিট হয়ে উঠবেন বলে বিশ্বাস মিনহাজুল আবেদীনের। তিনি বলেন, 'বিশ্রাম নিলে রিকভারি হয়ে যেতে পারে। এখন ফিজিওরা আমাদের যেভাবে গাইড দেয়, সেভাবেই হয়। আশা করি ও তাড়াতাড়ি রিকভারি করতে পারবে।'
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে ভালোই সময় গেছে বাংলাদেশের। প্রধান নির্বাচকের আশা, নিজেরদের সেরাটা দিতে পারলে একমাত্র টেস্ট ম্যাচে ভালো কিছু হবে। মিনহাজুল আবেদীন বলেন, 'প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের অবস্থা ভালো ছিল। আশা করি সবাই যদি তাদের সেরাটা দিতে পারে, ভালো কিছু হবে।'
টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, ম্যাচের আগ পর্যন্ত তামিমের জন্য অপেক্ষা করা হবে। তিনি বলেন, 'তামিম ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা তাই কালকে পর্যন্ত দেখব। আজ অনুশীলন আছে। কাল পর্যন্ত দেখে এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।'
