করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সফল: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাতপাতালে স্বাস্থ্যমন্ত্রীর সদ্যপ্রয়াত মা ফৌজিয়া মালেকের স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সকলের সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণ করতে পারবো এবং বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব। যার ফলে আমাদের খাদ্যে অভাব হয় নাই। কৃষি ঠিক চলছে। ইন্ডাস্ট্রি ও শিল্পকলকারখানা ঠিকমত চলছে। আমাদের জিডিপির গড় এখনো ৬ পারসেন্ট আছে। অথচ পৃথিবীর সব দেশে মাইনাসে আছে।"
তিনি আরও বলেন, "যাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে, তাদের ইকনোমি, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো আছে। আর যাদের করোনা নিয়ন্ত্রণে নেই, যাদের নিয়ন্ত্রণে নেই তারা বিধ্বস্ত হয়ে গেছে। কাজেই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে করোনা নিয়ন্ত্রণে রাখতে।"
অনুষ্ঠানে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মো.জাকির হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক ইউসুফর ফকির, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, প্রকল্প পরিচালক ডাক্তার খাঁন মোহাম্মাদ আরিফ ও পরিচালক ডাক্তার গৌতম রায়সহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কলেজটির চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। গত এক বছরেরও বেশি সময়জুড়ে প্রাণঘাতি এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মৃত্যুর সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশে ১২ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে।
মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেশের আরও ১ হাজার ৪৪৭ জনের দেহে। তবে বর্তমানে কোভিড পরীক্ষার সংখ্যাও কিছুটা কম। মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে এই শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮ লাখ ৯ হাজার ৩১৪ জনে। সংক্রমণের সেকেন্ড ওয়েভে গত মাসে সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়লেও লকডাউনের পর এ মাসে শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে।
