ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনে জয়ের জন্য সরকার নির্বাচনের আগে 'হ্যাঁ' ভোটের জন্য বিভিন্ন জনসভায় জনগণকে অনুরোধ করেছে৷ কিন্তু ৭৫ শতাংশ 'হ্যাঁ' ভোটের পর তারা পল্টি দিয়েছে।
তিনি বলেন, 'এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ৷ ভারতীয় গেরুয়া দল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ইন্ডিয়ান মুসলমান জড়ো করেছে। কিন্তু আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না।
আজ শনিবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'বলেছিলাম নিজের জীবন দিয়ে হলেও আওয়ামী লীগের বিচার করব কিন্তু নারায়ণগঞ্জের এক নম্বর গডফাদার আইভিকে তারা মুক্তি দিয়েছে।'
এর আগে বিকেল ৩টায় ওই সভামঞ্চে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাত দেড়শো যুবক সভামঞ্চ ভাঙচুর করে। এ সময় উপজেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবিসহ কয়েকজন আহত হন।
এ প্রসঙ্গে নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, 'শেখ হাসিনার মতো গুন্ডার মোকাবিলা করেছি। আর কোনো গুন্ডা আমাদের ভয় দেখাতে পারবে না। আমাকে বলা হয়েছিল, এখানে আসলে আমার জীবনের ওপর ঝুঁকি হতে পারে, কিন্তু আমি বলেছি, মৃত্যু হলেও আমি এখানে আসব। যদি আমার ভাইয়ের ওপর হওয়া এই হামলার বিচার না হয়, তাহলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে এর জবাব চাইব।'
তিনি আরও বলেন, 'আমি রূপগঞ্জের প্রেমে পড়ে গেছি। কিন্তু জানতে পারলাম এই রূপগঞ্জ মাদক কারবার, সন্ত্রাসী ও ভূমিদস্যুতায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আমি কথা দিচ্ছি, এনসিপি ক্ষমতায় এলে রূপগঞ্জে এই সমস্যা আগামী দিনে আর থাকবে না।'
