মুগদায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হুসাইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে উত্তর মুগদার ৫৮/১১ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় একা বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বাসা থেকে দুর্গন্ধ বের হতে দেখে বাড়িওয়ালা পুলিশকে খবর দেন।
তিনি বলেন, 'পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কর্মকর্তাকে বাসার ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তীব্র দুর্গন্ধের কারণে রাত আনুমানিক ১১টা পর্যন্ত মরদেহ নামানো সম্ভব হয়নি।'
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে ওই কর্মকর্তা দুই থেকে তিন দিন আগেই মারা গেছেন।
তার ভাষ্য অনুযায়ী, ঈদের দিন বাড়িওয়ালার সঙ্গে ওই কর্মকর্তার শেষ কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।
এসআই বোরহান বলেন, 'ধারণা করা হচ্ছে, এর পরবর্তী কোনো সময়ে তিনি মারা যান।'
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সন্দেহ করছে জানিয়ে তিনি আরও বলেন, 'ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
