তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
পবিত্র ঈদুল আজহার তিন দিনে ৩৬ হাজার ৮৬ টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সংস্থাটি জানিয়েছে, ঈদুল আজহার পশুর হাট ও কোরবানির বর্জ্যের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে।
রোববার (৩১ মে) নগর ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, ঈদের দিন থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত মাতুয়াইল ল্যান্ডফিলে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে। যেখানে এ বছরের কোরবানির বর্জ্য অপসারণের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৯৪২ টন।
ডিএসসির তথ্য অনুযায়ী, ঈদের দিন ১৪ হাজার ৮১৪ টন, দ্বিতীয় দিনে ৮ হাজার ৯৭৭ টন এবং তৃতীয় দিনে ১২ হাজার ২৯৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
এ কার্যক্রম পরিচালনায় ডিএসসিসির নিজস্ব জনবল ও পিসিএস কর্মীসহ মোট ১৩ হাজার ৪৫৩ জন কর্মী মাঠপর্যায়ে কাজ করেছেন। বর্জ্য পরিবহনে ৩৮২টি বিশেষ যান-যন্ত্রপাতিসহ মোট ২ হাজার ১১৭টি ছোট-বড় যানবাহন ব্যবহার করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, তাদের নির্ধারিত ৩৫৭টি স্থানে গত তিন দিনে মোট ১৭ হাজার ৩১৫টি পশু কোরবানি করা হয়েছে। ঈদের আগে নগরবাসীকে সচেতন করতে জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি, টেলিভিশন বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং ওয়ার্ডভিত্তিক মাইকিং করা হয়।
এছাড়া ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ১ হাজার ৫০ লিটার স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়।
কোরবানির ১১টি অস্থায়ী পশুর হাটের বর্জ্য অপসারণে শর্ত অনুযায়ী দায়িত্ব পালন না করায় সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ডিএসসিসি।
প্রশাসক মো. আবদুস সালাম বলেন, 'নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ না করায় জনভোগান্তি এড়াতে সিটি করপোরেশনকে নিজ উদ্যোগে এসব হাটের বর্জ্য পরিষ্কার করতে হয়েছে। এতে সামগ্রিক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে।'
তিনি বলেন, 'শর্তভঙ্গকারী ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী বছর থেকে অস্থায়ী পশুর হাটের জামানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে।'
ডিএসসিসি জানিয়েছে, কোরবানির আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও তাদের তদারকি দল মাঠে কাজ চালিয়ে যাচ্ছে। কোথাও বর্জ্য জমে থাকতে দেখা গেলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অভিযোগ জানালে এক ঘণ্টার মধ্যে তা অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
