‘ভোটকে এত ভয় পাচ্ছো কেন? কারণ ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না’: জামায়াতকে ফখরুল
ভোটকে ভয় পাচ্ছে বলেই আনুপাতিক ভোট বা পিআরসহ নানা দাবিতে জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক সফরের তৃতীয় দিনে বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় দুপুরে তিনি এসব কথা বলেন।
জামায়াত পিআর পদ্ধতি চালুর জন্য চাপ দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, 'ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে, ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও।'
তিনি বলেন, 'এলাকায় একটাও এনসিপি নেই। তাহলে তাদের ভোটটা হবে কীভাবে? ওরা তো ভোটই পাবে না। এজন্য ওরাও সুর মিলিয়ে বলে যে, পিআর-এ ভোট দিতে হবে, সনদ তৈরি করা হবে—এগুলো হচ্ছে শুধু বিভ্রান্ত করা, ভোট পেছানো এবং ওই আগের ব্যবস্থায় ফিরে যাওয়া।'
আসন্ন নির্বাচন পদ্ধতিতে পিআর চালুর আলোচনার বিরোধিতা করে মির্জা ফখরুল আরও বলেন, 'আমরা এইটার সঙ্গে সম্পর্কিত নই। এটা আমরা চিনি না। আমরা দীর্ঘকাল, শত শত বছর ধরে ভোট দিয়ে আসছি—আমার এমপি ক্যান্ডিডেট একজন দাঁড়াবে, তাকে, তার মার্কা দেখে আমি ভোট দিব। তাই না? এটাই তো হয়ে আসছে। কারও দাঁড়িপাল্লা, কারও নৌকা তো, কারও ধানের শীষ। যাকে পছন্দ হবে তাকে ভোট দিব।'
মির্জা ফখরুল বলেন, 'একটা দল আজকে খুব জোরেশোরে বাংলাদেশে প্রচার করছে তারাই একমাত্র দেশপ্রেমিক দল, তারাই একমাত্র সৎ দল, তারাই একমাত্র সঠিক দল। আমাদের মা-বোনদের কাছে গিয়ে বেহেশতের টিকিট পৌঁছায় দিচ্ছে।'
তিনি বলেন, 'বেহেশতের টিকিট তো একমাত্র আল্লাহ তা'আলা ছাড়া আর রসূল-নবী ছাড়া আর কারো দেওয়ার ক্ষমতা নাই।'
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীদের 'মুনাফিক' আখ্যা দিয়ে তিনি আরও বলেন, 'যারা এই সমস্ত মুনাফেকি করে, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা ইসলাম ধর্ম নয়।'
মির্জা ফখরুল আরও বলেছেন, বিএনপি শুধু জুলাই সনদের পক্ষেই থাকবে। অন্য কোনো কিছুর দায় বিএনপি নেবে না, সে দায় সরকারকে নিতে হবে।
'আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই, যে দীর্ঘ নয় মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়া বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের জোরে এদেশের মানুষের ওপর চাপায় দিতে চান, তাহলে সব দায়-দায়িত্ব আপনার, এদেশের মানুষ তা গ্রহণ করবে না', বলেন তিনি।
