ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে 'আওয়ামী লীগের দোসর' আখ্যা দিয়ে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে।
মারধরের শিকার মাহফুজুর রহমান শিশির দৈনিক সকাল–এর মাল্টিমিডিয়া প্রতিবেদক বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিল শেষে ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে জামায়াতের নেতা-কর্মীরা সাংবাদিকদের সেখান থেকে চলে যেতে বলেন। তখন এর প্রতিবাদ করলে জামায়াতের নেতাকর্মীরা ওই সাংবাদিককে 'আওয়ামী লীগের দোসর' আখ্যা দিয়ে মারধর করেন। তাকে বাঁচাতে গিয়ে অন্য সাংবাদিকেরাও হেনস্তার শিকার হন।
মারধরের শিকার ওই সাংবাদিক গণমাধ্যমকর্মীদের বলেন, জামায়াতের নেতাকর্মীরা মিছিল শেষে কথা বলার একপর্যায়ে সাংবাদিকদের চলে যেতে বলেন। তখন তিনি প্রতিবাদ করে বলেন, 'আমরা তো আপনাদের কর্মী না, আমরা কেন যাব?' তখন জামায়াতের লোকজন তাকে 'আওয়ামী লীগের দোসর' অ্যাখ্যা দিয়ে মারধর করে। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা এমন একটি ঘটনার কথা শুনছি। কিন্তু তিনি সাংবাদিক কি না জানি না। এই ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।'
তবে এই অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
