১২ জুলাই ঢাকার সমাবেশে সরকারের পদত্যাগে এক দফা কর্মসূচি দেবে বিএনপি: ফখরুল
১২ জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশ করে সেখানে সরকারের পদত্যাগে এক দফা কর্মসূচি দেওয়া হবে বলে সিলেটে তারুণ্যের সমাবেশে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৯ জুলাই) বিকেলে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, 'এই সমাবেশের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। এই সমাবেশ থেকে সমগ্র তরুণ সমাজ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাস্তায় নেমে এসেছেন।'
নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না — এ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগ বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু কোন সংবিধান? যে সংবিধান আওয়ামী লীগ নিজেরাই কাটছাঁট করে নিজেদের মতো করেছে। সেই সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চায় তারা। অথচ বাংলাদেশের জনগণ আগেই সিদ্ধান্ত নিয়েছে — নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে।'
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না মন্তব্য করে তিনি বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার প্রমাণ গত দুটি নির্বাচনে পাওয়া গেছে। দেশে এখন কারও ভোটাধিকার নেই। জনগণ ভোট দিতে পারে না।'
গত দুই বছরে বিদ্যুৎ খাতে আদতে প্রায় দেড় লাখ কোটি টাকা লুট করা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, 'শতভাগ বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়েছে। গত এক বছরে ২৪ হাজার কোটি টাকা লুট হয়েছে বলে খোদ সরকারি সংস্থার পর্যবেক্ষণে উঠে এসেছে।'
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে সমাবেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত জনতাকে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ও ঘরে না ফেরার শপথবাক্য পাঠ করান।
সমাবেশে গুম হওয়া বিএনপি নেতাদের পরিবারের সদস্যরা ও নির্যাতিন বিএনপি নেতাদের কয়েকজন বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসীনা রুশদীর লুনা, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর কমিটির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।
