আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার (৫ মে) বিকেলে কালীঘাটের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি জানান, তিনি লোক ভবনে গিয়ে ইস্তফা দেবেন না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মমতা বলেন, 'কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে?'
নির্বাচন কমিশনকেই 'ভিলেন' বলে উল্লেখ করে মমতা দাবি করেন, কমিশনের সাহায্যে ১০০-র বেশি আসন লুট করা হয়েছে।
তিনি বলেন, 'ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকত না। ভোটে হার-জিত থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে।'
দলের নির্বাচিত নেতারা তৃণমূলের পাশেই আছেন বলে জানিয়েছেন মমতা।
তিনি জানান, রাস্তায় নামবেন তিনি। রাস্তাতেই থাকবেন এবং ঘুরে দাঁড়াবেন।
মমতা বলেন, 'আমাদের এই লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন। তারা মানুষের অধিকার লুট করেছে।'
তিনি আরও বলেন, 'ভোটের আগে সব জায়গায় রেড করেছে। সব অফিসারকে বদলে দিয়েছে। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।'
