ইসরায়েলজুড়ে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, আহত একাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার ভোরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে।
আইআরজিসি তাদের বিবৃতিতে দাবি করেছে, 'ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে'।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরের প্রেক্ষিতে সেখানে 'উদ্ধারকারী দল' মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, রাতভর চলা এই হামলায় গোলার অংশের আঘাতে আহত এক ব্যক্তির অবস্থা বর্তমানে স্থিতিশীল।
হামলায় সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, সর্বশেষ এই ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে 'ম্যাজেন ডেভিড অ্যাডম' জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র হামলায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তারা আরও যোগ করেছে, 'প্রয়োজন হলে পরে এ বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হবে'।
উত্তর ইসরায়েলের হাইফা অঞ্চলের নেশার এলাকায় গত রাতে অন্তত একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দেশটির জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, হামলার পর নিরাপদ আশ্রয়ে (শেল্টার) যাওয়ার পথে স্প্লিন্টারের আঘাতে এক নারী আহত হয়েছেন।
এ ছাড়া, দেশটির দক্ষিণাঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরের পর বেশ কয়েকটি এলাকায় তল্লাশি ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় সামরিক বাহিনী বলেছে, 'জনসাধারণকে এসব এলাকায় সমবেত হওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে'।
তেল আবিবের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪
ইরানের সর্বশেষ দফার ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র বা তার ধ্বংসাবশেষ আছড়ে পড়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। এতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ারও তথ্য পাওয়া গেছে।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলায় অন্তত চারজন সামান্য আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা জানিয়েছে, পরিস্থিতির প্রেক্ষাপটে তারা দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি স্থানে তাদের উদ্ধারকারী ও মেডিকেল টিম পাঠিয়েছে।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কবার্তা দিয়েছিল, ইরান থেকে দেশটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
