নেপাল নির্বাচন: 'র্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
নেপালের সাধারণ নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় বড় ধরনের চমক দেখিয়েছে সাবেক র্যাপার বালেন্দ্র (বালেন) শাহর নেতৃত্বাধীন নবগঠিত দল 'রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি' (আরএসপি)। জেন-জিদের তীব্র আন্দোলনের মুখে কেপি শর্মা অলির নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর এটিই দেশটিতে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচন।
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, দলীয় সূত্র জানিয়েছে যে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত গণনাকৃত ৫৭টি নির্বাচনী এলাকার মধ্যে আরএসপি ইতিমধ্যে তিনটি আসনে জয় পেয়েছে এবং আরও ৪৫টি আসনে এগিয়ে রয়েছে।
নির্বাচনের এই দৌড়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির দল সিপিএন (ইউএমএল) বর্তমানে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে। গগন থাপার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেস চারটি আসনে এগিয়ে থেকে তৃতীয় অবস্থানে আছে।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল 'প্রচণ্ড'-এর নেতৃত্বাধীন নেপালি কমিউনিস্ট পার্টি দুটি এবং রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি একটি আসনে এগিয়ে রয়েছে।
আরএসপি সূত্র দাবি করেছে যে, তারা কাঠমান্ডু-১, কাঠমান্ডু-৭ এবং কাঠমান্ডু-৮ আসনে জয়লাভ করেছে। তবে নেপালের নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে এসব আসনের ফলাফল ঘোষণা করেনি।
দলীয় সূত্রের তথ্যমতে, কাঠমান্ডু-৮ আসন থেকে বিরাজ ভক্ত শ্রেষ্ঠা, কাঠমান্ডু-১ থেকে রঞ্জু দর্শনা এবং কাঠমান্ডু-৭ আসন থেকে গণেশ পারজুলি জয়ী হয়েছেন।
