সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
বাংলাদেশে ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার অবসান হয়েছে। টুর্নামেন্টের সব ম্যাচ সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে সম্প্রচার করা হবে।এই তিন টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব অর্জন করেছে।
এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড বাংলাদেশের জন্য সম্প্রচারস্বত্ব কিনেছিল। তবে স্থানীয়ভাবে স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি চুক্তি থেকে সরে দাঁড়ায়। ফলে টুর্নামেন্ট শুরু হতে দুই সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও দেশে কার্যত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান ছিল না।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জানা গেছে, তারা যৌথভাবে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ অপারেটর এবং কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে ডিজিটাল ও টেলিযোগাযোগ খাতে নতুন আয়ের উৎস চিহ্নিত করেন, যা এর আগে কোনো বিশ্বকাপে ব্যবহার করা হয়নি।
বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচগুলো একচেটিয়াভাবে সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখানো হবে। পাশাপাশি বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের স্ট্রিমিং সেবা বায়োস্কোপেও ম্যাচগুলো দেখা যাবে।
এদিকে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বিটিভিকে এ সম্প্রচারের জন্য কোনো আর্থিক ব্যয় বহন করতে হবে না। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও টেলিযোগাযোগ অপারেটররা যৌথভাবে পুরো সম্প্রচার ব্যয় বহন করবে।
