সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা 'আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা নিরীহ মানুষের জীবন ও পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য চরম হুমকি'।
বাংলাদেশ এ সংকটে সৌদি আরবের সরকার ও জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে হুতিদের এই হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদির আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। এতে এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন দেশি-বিদেশি নাগরিক।
হামলার পর বিমানবন্দরে পার্ক করে রাখা সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া'র একটি বিমানে আগুন ধরে। এতে নিরাপত্তার স্বার্থে ৩৩০টিরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ।
