ভারত থেকে প্রথম চালানে দেশে এলো ১৮ ব্রডগেজ রেলকোচ
ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছায়। দর্শনা কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো সৈয়দপুর রেলওয়ের কারখানায় নেওয়া হবে। এসব কোচ যুক্ত হলে পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রীসেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে।
গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা এলাকা থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচগুলো যাত্রা শুরু করে। এরপর কোচগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করে। শুক্রবার দুপুরে সেখান থেকে রওনা হয়ে ভারতের গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা কোচগুলো বুঝে নেন।
নতুন কোচগুলো লাল-সবুজ রঙে রাঙানো হয়েছে। এর মধ্যে তিনটি এসি চেয়ার কোচ, এসি বার্থ, লাগেজ ভ্যান এবং ১১টি শোভন চেয়ার কোচ রয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে কাস্টমস কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো সৈয়দপুরে রেলওয়ের নিজস্ব কারখানায় নেওয়া হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলো রেলের বহরে যুক্ত হবে।
২০২৪ সালের মে মাসে বাংলাদেশ সরকার একটি প্রকল্পের আওতায় ব্রডগেজ রেলকোচ কেনার জন্য ভারতের রাইটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। প্রতিষ্ঠানটি কয়েক ধাপে বাংলাদেশকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করবে। প্রথম চালানে ১৮টি কোচ এসেছে। এখনো বাকি ১৮২টি কোচ দেশে আসার কথা রয়েছে।
স্থানীয়রা জানান, সরকারের এ ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানান। তাদের মতে, এ উদ্যোগের ফলে যাত্রীসেবার মান আগের চেয়ে কিছুটা হলেও বাড়বে। পুরোনো বগিগুলো মেরামত করে ব্যবহারের উপযোগী করে তোলার ওপরও তারা গুরুত্ব দেন। রেলের লোকসান কাটাতে নানা ধরনের উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তারা। তাদের আশা, ২০০টি বগি দেশে এলে রেলসেবায় অনেকটা পরিবর্তন আসবে। বাকি বগিগুলোও দ্রুত দেশে আনার দাবি জানান তারা।
চুয়াডাঙ্গার দর্শনার বাসিন্দা আব্দুল আউয়াল বলেন, 'বগিগুলো অনেক সুন্দর। সব যাত্রী নিজ দায়িত্বে বগিগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। তাহলে নতুন বগিগুলো অনেক দিন ব্যবহার করা যাবে। এই অঞ্চলের ট্রেনের বগিগুলোর মান অনেকটাই খারাপ।'
রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, ভারত থেকে শুক্রবার ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী বগি বাংলাদেশে প্রবেশ করেছে। বগিগুলো বিভিন্ন শ্রেণির।
তিনি বলেন, যাত্রীসেবার মান বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে। এর ফলে পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রীসেবার মান অনেক বাড়বে এবং রেল খাতের আয় বৃদ্ধি পাবে। বগিগুলো মানসম্মত ও উন্নত মানের বলেও জানান তিনি।
