শেরেবাংলা নগরে বিএনপি নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। তিনি শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। তিনি টিবিএসকে বলেন, 'মিজানুর রহমান স্বপন পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ। আমরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। বিস্তারিত থানা পুলিশ বলতে পারবে।'
তবে এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রে জানা যায়, মিজানুর রহমানের নামে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
