নিউমুরিং টার্মিনালে আগুন, কন্টেইনার হ্যান্ডলিং সাময়িক বন্ধ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) আজ (২২ জুন) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে টার্মিনালের ৪ নম্বর জেটিতে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বন্দর কর্মকর্তাদের তথ্যমতে, টার্মিনালে কন্টেইনার স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনাটি ঘটে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে, এনসিটির দক্ষিণ অংশে অবস্থিত ৪ নম্বর বার্থের '৪০১৪' নম্বর আরটিজি ক্রেনে। আগুন লাগার পরপরই উক্ত জেটিতে কন্টেইনার খালাস ও স্থানান্তরের কাজ বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বার্থের সামনের ইয়ার্ড এলাকায় আগুন ছড়িয়ে পড়লে পণ্যবোঝাই বেশ কিছু কন্টেইনার জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করেন।
চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এনসিটির দক্ষিণ অংশে ৪ নম্বর বার্থের ৪০১৪ নম্বর আরটিজিতে আগুন লাগে। চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্বাপণ কাজ শুরু করেন।'
নাসির উদ্দিন আরও জানান, পরবর্তীতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর দল এই অভিযানে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, 'সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।'
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপণ অভিযান পুরোপুরি সম্পন্ন হওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হবে।
প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্রেন এবং নিকটস্থ কন্টেইনারগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
