রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
চলতি মৌসুমে রাজশাহীতে আগামী শুক্রবার (১৫ মে) থেকে আম সংগ্রহ শুরু হবে। ওইদিন থেকে চাষিরা গুটি জাতের আম বাজারে আনতে পারবেন।
আজ রোববার বিকেলে আম নামানোর সময়সূচি অর্থাৎ ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে রাজশাহী জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলার সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আম পরিবহন বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় এই কালেন্ডার প্রকাশ করা হয়।
ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, গুটি জাতের আম ১৫ মে, গোপালভোগ ২২ মে, রাণীপছন্দ ও লক্ষ্মণভোগ ২৫ মে, হিমসাগর ও খিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া ১০ জুন এবং আম্রপালি ও ফজলি ১৫ জুন সংগ্রহ শুরু হবে।
এছাড়াও ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা ও ১৫ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ করা যাাবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, কাটিমন ও বারি আম-১১ সারা বছরই সংগ্রহ করা যাবে।
সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, আমচাষি, ব্যবসায়ী ও কৃষি অফিসের সমন্বয়ে এ ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। কেউ যাতে অপরিপক্ক আম নামিয়ে বাজারজাত করতে না পারে সেজন্য এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। এই সময়ের আগে কেউ আম নামালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এ বছর রাজশাহী জেলায় ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন। ৩২ টাকা কেজি হিসেবে সম্ভাব্য মোট বিক্রির পরিমাণ ধরা হয়েছে ৭৮০ কোটি টাকা।
