শফিকুর রহমানের প্রশ্নের পর ইরান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল পররাষ্ট্র মন্ত্রণালয়
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ইরান বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে করা এক প্রশ্নের ব্যাখা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ শুক্রবার (১ মে) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৩০ এপ্রিল জাতীয় সংসদে প্রদত্ত বক্তব্যে বিরোধীদলীয় নেতা প্রশ্ন করেছেন- বাংলাদেশের একটি বন্ধুরাষ্ট্র কেন বলেছে যে তারা চরম কষ্টের সময়ে বাংলাদেশকে পাশে পায়নি?
এতে বলা হয়, এ বিষয়ে বাস্তবতা হলো যে চলমান উপসাগরীয় যুদ্ধে ওই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের নীতি প্রশংসিত হয়েছে। উদাহরণস্বরূপ- বাংলাদেশে অবস্থিত ইরানের দূতাবাস সাম্প্রতিক একটি বিবৃতিতে বাংলাদেশের ভারসাম্যমূলক ও গঠনমূলক নীতির প্রশংসা করেছে।
আরও বলা হয়েছে, একই বিবৃতিতে ইরানের দূতাবাস মিডিয়াতে দেওয়া বক্তব্যের টুকরো অংশকে ইচ্ছামতো প্রচারে অসন্তোষ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, এছাড়া গত ২৩ এপ্রিল ঢাকায় ইরানি দূতাবাসে ইরানের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
