আগামী পাঁচ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে: পানি সম্পদ মন্ত্রী
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পানি সম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী 'দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন' কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় এ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, "সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে জুন ২০২৬ পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় সারা দেশে ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করবে। এছাড়া আগামী পাঁচ বছরে নতুন ও চলমান প্রকল্পের মাধ্যমে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হবে।"
এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় জুন ২০২৬ পর্যন্ত ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন বা সংস্কার করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, "স্থানীয় সরকার বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় গাইবান্ধা জেলায় তিনটি খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে। পাশাপাশি বৃহৎ পরিসরে খাল খননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে।"
