মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
চলতি বছর মে মাসে প্রবাসীরা ৩.৪২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২.৯৭ বিলিয়ন ডলার। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় ১৫.৩৪ শতাংশ বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩২ হাজার ৭৫৬.৭৮ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ২৭ হাজার ৫০৬.৮৬ মিলিয়ন ডলারের তুলনায় ১৯.০৯ শতাংশ বেশি।
রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক সামষ্টিক অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
