ক্যাশলেশ সোসাইটি গঠনের আহ্বান গভর্নরের
দেশে লেনদেনের ক্ষেত্রে ক্যাশলেস সোসাইটিকে আরো বেশি বিস্তৃত করতে দেশের বাণিজ্যিক ব্যাংক, মোবাইল আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
আজ মঙ্গলবার বিভিন্ন ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ক্যাশলেস ইউনিটের প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ''ক্যাশলেস সোসাইটি কিংবা ক্যাশলেস অর্থনীতি গড়া এবং বাংলা কিউআর প্রবর্তন এটা এখন ন্যাশনাল এজেন্ডা, এটি শুধু বাংলাদেশ ব্যাংকের এজেন্ডার মধ্যে সীমাবদ্ধ নয়। এই এজেন্ডা বাস্তবায়নে সবাই এগিয়ে আসতে হবে।''
আরিফ হোসেন খান বলেন, ''ব্যাংকগুলোর নেটওয়ার্ক বেশি, মোবাইল আর্থিক প্রতিষ্ঠানগুলো এতদিন যেভাবে ছোট মার্চেন্টদের অন বোর্ড করেছে, সে তুলনায় ব্যাংকগুলোর সাফল্য কম। তাই বাংলাদেশ ব্যাংক চায় ব্যাংকগুলোর কন্ট্রিবিউশন আরো বেশি বাড়ুক।''
তিনি বলেন, ''৩০ জুনের পর থেকে সবাই যেন বাংলা কিউআর কোড ব্যবহার করে সেটার জন্য তাগিদ দেওয়া হয়েছে। প্রত্যেক কোম্পানির বাংলা কিউআর কোড থাকতে হবে। এমএফএস প্রতিষ্ঠানগুলো তাদের আলাদা কিউ আর কোড ব্যবহার না করে বাংলা কিউ আর কোড ব্যবহার করতে হবে।''
তিনি আরও বলেন, ''ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি কমিটি গঠন করবে, সেই বিষয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।''
