গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন: মির্জা ফখরুল
নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'আমরা নির্বাচনের কথা বলছি কেন? গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক। আর গণতন্ত্রের দিকে আরেকটি ধাপ।'
আজ শুক্রবার সকালে রাজধানীর খামার বাড়ি কৃষি ইন্সটিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার, নির্বাচন, জাতীয় সংলাপ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'কাঠামোটা যদি না থাকে, উপর থেকে শুধু চাপিয়ে দিলেই আমরা দ্রুত কোনো কিছু করতে পারব না। তাই আমাদের স্ট্রাকচারটা (কাঠামো) ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলো যদি আমরা গণতান্ত্রিক উপযোগী করতে পারি, তাহলে আমরা গণতন্ত্রকে সফল করতে পারব।'
তিনি বলেন, '৫৩ বছর পর সংস্কার নির্বাচন নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। ভালো হতো আমরা যদি এ বিষয়গুলো নিয়ে একসঙ্গে কাজ করতে পারতাম। এ বিষয়গুলো নিয়ে কাজ করে একটা জায়গায় পৌঁছাতে পারতাম।'
তিনি আরও বলেন, 'সংস্কারের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। আমরা ২০১৬ সালে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন টুয়েন্টি -থার্টি একটা সংস্কার প্রস্তাব করেছিলাম। যে বিষয়গুলো পরিবর্তন আনা দরকার, সেগুলো প্রস্তাবে তুলে ধরেছিলাম। সেসব বিষয় থেকে আজকের সামনে এসেছে প্রধানমন্ত্রী ও ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তি যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন তা নিশ্চিত করা। একইসাথে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিষয়টিও আমরা তুলে ধরেছি।'
তিনি বলেন, 'সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকেই। তবে দুর্ভাগ্য কিছু কিছু বক্তব্য এসেছে যে বিএনপির সংস্কার চায় না, কথাটি সঠিক নয়। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে একটা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনে যেতে চাই আমরা।'
বিএনপি মহাসচিব বলেন, 'আমাদের প্রধান সমস্যা এ দেশে গণতান্ত্রিক চর্চা হয়নি। এখানে সে সংস্কৃতি গড়ে ওঠেনি। সেই সংস্কৃতি না থাকায় আমাদের বারবার বলতে হচ্ছে যে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা ডেমোক্রেসি, এটা এভাবে যেতে হবে। ডেমোক্রেসি কিন্তু বারবার চর্চা ছাড়া গড়ে উঠবে না। হুট করে কোনো কিছু করা সম্ভব হবে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটি নির্বাচন হয়েছে, তিনটি নির্বাচনই গ্রহণযোগ্য হয়েছে। মানুষ এসব নির্বাচন গ্রহণ করেছে।'
অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনছারী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন।
