আওয়ামী লীগ বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে: ফখরুল
আওয়ামী লীগ বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
"ময়মনসিংহের বিএনপির সমাবেশকে বাধা দিতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচীর ডাক দেয়া থেকে প্রমান হয় আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনা, তারাই সব সময় সন্ত্রাস সৃষ্টি করে,গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করেছে, সেটি রাষ্ট্রীয় সহযোগীতা নিয়েই করছে যার ফলে রাষ্ট্রকে তারা একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে", আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
"তবে বিএনপি থেমে থাকবেনা,কোন বাধাই বিএনপিকে বাধা দিতে পারবে না।"
বাংলাদেশে এখন একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, "এই কথা একটি সময় শুধু আমরা বা অন্য দলগুলো বলতো,এখন তো তাদের(আ.লীগ) এর সহযোগী দল জাতীয় পার্টি তার প্রধান কাদের সাহেবকে স্পষ্ট করে বলেছেন বাংলাদেশে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে।
"এটাই বাস্তবতা,আন্তজার্তিক ভাবে এটা স্বীকৃতি হয়ে গেছে যে বাংলাদেশ এখন একনায়ক তান্ত্রীক দেশ হয়ে গেছে,এটা গণতান্ত্রিক দেশ নয়," বলেন তিনি।
জ্বালানী তেল, চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি,হত্যা হামলা ও মামলার প্রতিবাদে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য আগামী কাল ময়মনসিংহে একটি সমাবেশের ডাক দিয়েছিলেন বিএনপি।
এনিয়ে মির্জা ফখরুল বলেন, "তারা (আ.লীগ) কোন কারণ ছাড়া বিএনপির সমাবেশকে নষ্ট করার জন্য সেখানে একটি সমাবেশ ডেকেছে,যেটার কোন কারণ ছিলোনা। তারা এটার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে,"
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
