যুক্তরাজ্যে ১০ বছরের অর্ধেক শিশুর হাতে স্মার্টফোন
যুক্তরাজ্যে ৯ থেকে ১০ বছর বয়সী শিশুদের ৫০ শতাংশই স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে। একই সময় আলোচিত বয়সের শিশুদের মাঝে মুঠোফোন ব্যবহারের প্রবণতাও দ্বিগুণ বেড়েছে।
গত বছর দেশটির শিশুদের মুঠোফোন ব্যবহারের এই প্রবণতা সম্পর্কে জানায় ব্রিটেনের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম বা অফিস অব কমিউনিকেশন্স। অফকম একে স্বাধীন ডিজিটাল যুগের প্রতিফলন বলে উল্লেখ করে। খবর বিবিসির।
পাঁচ বছরের কম বয়সী শিশুরাও যুগের প্রভাবের বাইরে নয়। দেশটির ৩ থেকে ৪ বছর বয়সী ২৪ শতাংশ শিশুর নিজস্ব ট্যাব আছে। এদের কমপক্ষে ১৫ শতাংশ তাদের অভিভাবকের অনুমতি নিয়েই শোওয়ার সময় ট্যাব সঙ্গে নিতে পারে। এভাবেই অফকমের বার্ষিক প্রতিবেদনে শিশুদের ডিজিটাল আসক্তির নানা ব্যবহারিক দিক আলোচনা করা হয়।
গত বছরের গবেষণায় অংশ নেয় ৩ হাজার ২শ শিশু এবং তাদের অভিভাবক। গবেষণা লব্ধ তথ্য সম্পর্কে অফকমের কৌশল ও গবেষণা বিভাগের প্রধান ই-চুং তেহ বলেন, দেখা যাচ্ছে মোবাইল ফোনই শিশুদের সবচেয়ে পছন্দনীয় যোগাযোগ ও বিনোদনের মাধ্যম। এসব শিশুরা ইন্টারনেহীন বিশ্বে জন্ম নেয়নি। তাই একে ছাড়া তারা নিজেদের অস্তিত্ব কল্পনাও করতে পারে না। সিংহভাগ ক্ষেত্রেই তাদের অফলাইন এবং অনলাইন বিচরণ একই সূত্রে গাঁথা।
