মারাকানার বিখ্যাত 'ওয়াক অব ফেম'-এ পায়ের ছাপ রাখার আমন্ত্রণ পেলেন মেসি
সদ্যই বিশ্বকাপ জিতে 'সর্বকালের সেরা'র বিতর্কের অবসান ঘটিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলের সব রকম শিরোপা জিতলেও শুধুমাত্র বিশ্বকাপটাই অধরা ছিল মেসির কাছে। কিন্তু গত ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে মেসি আবারও প্রমাণ করেছেন যে তিনিই সবার সেরা।
আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে দেওয়ার নেপথ্যেও থাকা পিএসজি তারকা নিজেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন। আলবিসেলেস্তেদের অধিনায়ক হিসেবে এই অর্জনের জন্য ব্রাজিলের মারাকানায় বিখ্যাত 'ওয়াক অব ফেম'-এ প্রথম আর্জেন্টাইন হিসেবে নাম উঠতে পারে মেসির।
ব্রাজিলিয়ান নিউজ পোর্টাল গ্লোবস্পোর্তে ডট কম অনুযায়ী, মারাকানা স্টেডিয়ামের সহ-প্রশাসক সুদের্হ মেসিকে 'হল অব ফেম'-এ পায়ের ছাপ রেখে যাওয়ার জন্য আগামী সোমবার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠাবেন।
মারাকানার 'ওয়াক অব ফেম' এমন একটি স্থান যা শ্রেষ্ঠ ফুটবলারদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এখানে বিশ্বখ্যাত ফুটবলারদের আমন্ত্রণ জানানো হয় তাদের পায়ের ছাপ (গোলকিপারের ক্ষেত্রে হাতের ছাপ) রেখে যাওয়ার জন্য। প্লাস্টারের ওপর রেখে যাওয়া সেই ছাপ পরে সুসজ্জিত করে স্টেডিয়ামে প্রদর্শন করা হয়।
পেলে, গারিঞ্চা, রোনাল্ডোর পাশে
মারাকানার 'ওয়াক অব ফেম'-এ নিজেদের পায়ের ছাপ রেখেছেন পেলে, গারিঞ্চা, রোনাল্ডোর মতো কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলাররা। মেসি যদি আমন্ত্রণ গ্রহণ করেন তাহলে তিনি হবেন এই সম্মাননা পাওয়া অষ্টম বিদেশি ফুটবলার (ব্রাজিলিয়ানদের বাইরে)। এছাড়া, প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবেও এই বিখ্যাত স্থানটিতে থাকবে তার পায়ের ছাপ। ব্রাজিলিয়ান ব্যতীত এই সম্মাননা পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন জার্মান কিংবদন্তি ফ্রানজ বেকেনবাওয়ার এবং পর্তুগিজ ফুটবলার ইউসেবিও।
সূত্র: এমএসএন
