ভালো শেষের আশা নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা হারে জেরবার অবস্থা। সমালোচনা, বিতর্কে বাকি থাকা আত্মবিশ্বাসটুকু নিমেষেই উধাও। টানা চার হারে সেমি-ফাইনালের আশা শেষ, টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত। টুর্নামেন্টে অংশ নিয়ে ফিরে আসা যায় না বলেই যেন লড়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এমন অবস্থায় আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার লিগে এটা বাংলাদেশের শেষ ম্যাচ। শেষটা ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে তারা। এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে একটি পরিবর্তান এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদ, তার জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়াও একটি পরিবর্তন এনেছে। অ্যাস্টন অ্যাগারের জায়গায় ফেরানো হয়েছে মিচেল মার্শকে।
'সর্বহারা' বাংলাদেশের এই ম্যাচটি থেকে প্রাপ্তির সুযোগ আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে। ২০০৭ বিশ্বকাপে সেই জয়ের পর ১৪ বছরের অপেক্ষা ফুরানোর সুযোগ আছে মাহমুদউল্লাহ-মুশফিকদের সামনে। এ ছাড়া পরের বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট কাটারও সুযোগ আছে। এই ম্যাচে জিততে পারলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে বাংলাদেশের।
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ম্যাচের ৪টিতে জিতেছে বাংলাদেশ, হার ৫টিতে। তবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ডটা ভালো নয় বাংলাদেশের। চার ম্যাচের সবগুলোতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
