বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলী
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। কলকাতার উডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক।
গাঙ্গুলীর অসুস্থতার খবরটি একটি টুইট বার্তার মাধ্যমে জানিয়েছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)। তবে সৌরভ গাঙ্গুলী বা বিসিসিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
গাঙ্গুলীর অসুস্থতার খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। তাদের একটি খবরে বলা হয়েছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও বাড়িতে জিম করছিলেন গাঙ্গুলী। জিম করার এক পর্যায়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই মাথা ঘুরে পড়ে যান । এরপর দ্রুততার সঙ্গে গাঙ্গুলীকে হাসপাতালে ভর্তি করা হয়।
'প্রিন্স অব ক্যালকাটা'র শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি। আনন্দবাজার প্রত্রিকাকে তিনি বলেছেন, 'সৌরভের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে এখন ওর অবস্থা স্থতিশীল।'
হাসপাতালে সৌরভের পাশে রয়েছেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলীও।
জানা গেছে, সৌরভের অ্যানজিয়োগ্রাম করা হয়েছে। প্রয়োজনে অ্যানজিওপ্লাস্টি হতে পারে।
এমনিতে তার শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কিছু না থাকলেও ভবিষ্যতে যেন এ রকম না হয়, সেটাই দেখছেন চিকিৎসকরা।
এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। টুইটবার্তায় তিনি লেখেন, 'জেনে খারাপ লাগছে মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।'
- সূত্র: আনন্দবাজার পত্রিকা
