করোনা ভাইরাস চীন থেকে নেপালে
চীনের উহানে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাসে সীমান্তবর্তী দেশ নেপালে একজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
এ ভাইরাসে নেপালের আরও দু'জন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) প্রতিবেদনে বলা হয়, দু'জনের আক্রান্ত হওয়ার শঙ্কার বিষয়টি জানিয়েছেন নেপালের কর্মকর্তারা।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে ৫৬ জনের মৃত্যু হয়েছে।
নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের মুখপাত্র মহেন্দ্র প্রাসাদ শ্রেষ্ঠ শনিবার কাঠমান্ডু পোস্টকে বলেন, করোনায় আক্রান্তের শঙ্কায় থাকা দু'জনকেই টেকুর একটি হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে।
তিনি জানান, দু'জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ, যারা চীন থেকে নেপালে এসেছেন।
এর মধ্যে পুরুষের বয়স পঁচিশোর্ধ্ব। তিনি গত ১৯ জানুয়ারি সাংহাই থেকে দেশে ফেরেন।
পরের দিন তিনি ঘুরতে যান পোখারায়। তবে শ্বাসকষ্টজনিত কারণে সেখান থেকে ফিরে ২১ জানুয়ারি ভর্তি হন ধাপাসি এলাকার গ্র্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতালে।
নেপালের এক কর্মকর্তা জানান, গ্র্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসকরা তাদের কাছে চিকিৎসা নেওয়া পুরুষটিকে টেকুর সুক্রারাজ মৌসুমী ও ছোঁয়াচে রোগ হাসপাতালে বা এসটিআইডিএইচে পাঠান।
ওই কর্মকর্তা আরও জানান, সম্ভাব্য আক্রান্ত নারী কাঠমান্ডুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাকেও টেকুর হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে দু'জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মহেন্দ্র প্রাসাদ।
তিনি জানান, তাদের আলাদা করে রাখা হয়েছে। তারা আসলেই ভাইরাসে আক্রান্ত কি না, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।
এর আগে ৩১ বছর বয়সী এক নেপালি শিক্ষার্থীর গলা থেকে নেওয়া নমুনা ও রক্তের নমুনা পাঠানো হয় হংকংয়ে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ল্যাবে।
উহান থেকে নেপালে ফেরা এ শিক্ষার্থী ভাইরাসে আক্রান্ত বলে শুক্রবার নিশ্চিত করে ডব্লিউএইচও।
