Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
প্রতিশ্রুতি ও সম্ভাবনার মাঝে বাজেট ২০২৬-২৭

মতামত

জারিন বিনতে ইয়াছিন
06 July, 2026, 04:25 pm
Last modified: 28 July, 2026, 04:34 pm

Related News

  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল

প্রতিশ্রুতি ও সম্ভাবনার মাঝে বাজেট ২০২৬-২৭

জারিন বিনতে ইয়াছিন
06 July, 2026, 04:25 pm
Last modified: 28 July, 2026, 04:34 pm

'গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথে যাত্রা' প্রতিপাদ্যে দেশের ৫৫তম বাজেট হিসেবে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে এটি এখনো কোনো সমাধান নয়।

বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ২০২৪-২৫ অর্থবছরে মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন। এই প্রেক্ষাপটে এনবিআরকে দেওয়া হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এনবিআর আদায় করেছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ২১ শতাংশ বেশি। বর্তমান ধারায় চলতি বছরে মোট আদায় দাঁড়াতে পারে ৪ লাখ কোটি টাকা; অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণে আগামী বছর আরও ২ লাখ কোটি টাকা বেশি আদায় করতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধির রেকর্ড ২০১১ সালে, ২৭ শতাংশের কিছু বেশি। আর এবারের লক্ষ্য পূরণে চাই প্রায় ৫০ শতাংশ প্রবৃদ্ধি।

প্রস্তাবিত ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, অর্থাৎ জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এর অংশ হিসেবে দেশীয় ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা—ঋণাত্মক মূলধন পর্যাপ্ততার মধ্যে থাকা এই খাত থেকে। প্রায় ১ হাজার ১০০ কোটি ডলার বিদেশি সহায়তার প্রত্যাশা রয়েছে, যার মধ্যে ৩০০ কোটি ডলার বাজেট সহায়তা; তবে আইএমএফের সঙ্গে কোনো কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।

অর্থবিলে সবচেয়ে আলোচিত ছিল তিনটি প্রত্যাহার: ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, সম্পত্তি নিবন্ধনে টিআইএন এবং কর রিটার্নে ফ্ল্যাট-প্লটের প্রকৃত মূল্য প্রদর্শনের শর্ত। সমালোচকেরা বলছেন, প্রত্যক্ষ কর ভিত্তি বিস্তারের সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোই সরিয়ে নেওয়া হলো।

এবার থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিল করা যাবে। পাঁচটি বিশেষ শ্রেণি ছাড়া সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। সঞ্চয়পত্রের মুনাফার উৎসে কর্তিত করকে চূড়ান্ত দায় হিসেবে না ধরে বছর শেষে সমন্বয় করা যাবে; বেশি কাটা হলে ফেরত পাওয়া যাবে। বিনিয়োগ-ভিত্তিক করছাড়ের নিয়মও পরিবর্তন হয়েছে; মোট বিনিয়োগের ১৫ শতাংশ ও সর্বোচ্চ ১০ লাখ টাকার পরিবর্তে এখন হবে যথাক্রমে ১০ শতাংশ ও সর্বোচ্চ ৭ লাখ ৫০ হাজার টাকা।

ভোক্তা ও ব্যবসাপক্ষে আরও কিছু পরিবর্তন: স্বর্ণ বিক্রিতে মূলধনি লাভ কর ১৫ থেকে ৫ শতাংশে কমেছে; জমির মালিকের ডেভেলপারের কাছ থেকে পাওয়া সুবিধার কর এখন তিন বছরে পরিশোধ করা যাবে; ব্যক্তির লভ্যাংশ আয়ে ৩০ শতাংশ পর্যন্ত না হয়ে এখন স্থির ১৫ শতাংশ কর, বিশেষজ্ঞরা মনে করছেন শেয়ারে বিনিয়োগ বাড়বে। কোম্পানির লভ্যাংশে ২০ শতাংশ কর বিলোপের প্রস্তাব প্রত্যাহার করে ২০ শতাংশ পুনর্বহাল হয়েছে। আইপিও ও সরাসরি তালিকাভুক্তির পাশাপাশি আরপিওর মাধ্যমেও হ্রাসকৃত করহারের সুবিধা নেওয়া যাবে। ব্যাংক ট্রান্সফারে ২ দশমিক ৫ শতাংশ করছাড় এখন তালিকাভুক্ত কোম্পানির বাইরেও প্রযোজ্য, তবে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বাদে। শিল্পঋণ থেকে যানবাহন নিবন্ধন পর্যন্ত বিস্তৃত লেনদেনে বিআইএন বাধ্যতামূলক।

প্রায় ১১ বছর পর সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আসছে, যা ২০২৬-২৭ অর্থবছর থেকে কার্যকর হবে। তবে সামগ্রিকভাবে এই পরিবর্তনগুলো কর কাঠামোকে পরোক্ষ করের দিকে আরও ঝুঁকিয়েছে—ভ্যাট, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, যা সবার ওপর সমানভাবে পড়ে। মোট রাজস্বের মাত্র এক-তৃতীয়াংশ আসে প্রত্যক্ষ কর থেকে।

মে ২০২৬-এ সার্বিক মূল্যস্ফীতি ১৬ মাসের সর্বোচ্চ ৯ দশমিক ৪২ শতাংশ; খাদ্যে ৯ দশমিক শূন্য ৬ ও পরিবহনে ৯ দশমিক ৮৬ শতাংশ। সরকারের লক্ষ্য ২০২৭ সালের জুনের মধ্যে তা ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা। তবে বাংলাদেশে মূল্যস্ফীতি এখন কাঠামোগত, শুধু মুদ্রানীতি দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়; খাদ্য সরবরাহ, জ্বালানি সংকট, মুদ্রা বিনিময় হার ও বাজারের অদক্ষতাও কমাতে হবে। বিশ্বব্যাংক-আইএমএফের যৌথ মূল্যায়নে মূল্যস্ফীতি ২০২৫-২৬-এ প্রায় ৮ দশমিক ৯ ও ২০২৬-২৭-এ ৬ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে; অর্থাৎ ৭ দশমিক ৫ শতাংশের লক্ষ্য আশাবাদী, বাস্তবসম্মত নয়। এর মধ্যে হরমুজ প্রণালির অবরোধ মাত্র চার মাসে জ্বালানি আমদানিতে ৩০০ কোটি ডলার যোগ করেছে—এটি এখন বাজেটের ভিত্তি অনুমানেরই অংশ।

ব্যাংক খাতে ২০২৫ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকায়, মোট ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ, যা বিশ্বের সর্বোচ্চ। মূলধন পর্যাপ্ততার অনুপাত নেমেছে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে। বাজেটে ব্যাংক পুনর্গঠনে ৩৬ হাজার ৭০৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে; চলতি বছর ইতিমধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। পাঁচটি ব্যর্থ ইসলামি ব্যাংক একত্র করে 'সম্মিলিত ইসলামি ব্যাংক' গঠন করা হয়েছে, মূলধন ঢালা হয়েছে ৩৫ হাজার ২০০ কোটি টাকা।

অর্থমন্ত্রী ব্যাংক রেজোলিউশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বিলোপের ঘোষণা দিয়েছেন। এই ধারাটি ১০ এপ্রিল অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ আইনে পরিণত করার ঠিক আগে যুক্ত হয়েছিল, যা পাঁচ একীভূত ব্যাংকের পুরোনো মালিকদের ফেরত আসার পথ খুলে দেয়। বিরোধীরা বলেছিল, এস আলম গ্রুপসহ বিতর্কিত ব্যবসায়ীদের হাতে ব্যাংক ফিরিয়ে দিতেই এই ধারা।

স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রথমবারের মতো জিডিপির ১ শতাংশ ছাড়িয়েছে; শিক্ষায় ১ দশমিক ৪১ থেকে বেড়ে ১ দশমিক ৭৯ শতাংশ হয়েছে, উভয়ই উল্লেখযোগ্য, তবে আন্তর্জাতিক মানদণ্ডের নিচে। সামাজিক সুরক্ষা বেড়ে জিডিপির ২ দশমিক ১১ শতাংশ হয়েছে। ফ্যামিলি কার্ডে ৪১ লাখ পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা; কৃষক কার্ড পৌঁছাবে ১০০ উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার কৃষকের কাছে। উভয় কর্মসূচিই বাস্তব, তবে সুবিধাভোগী শনাক্তকরণে নির্ভুলতার প্রশ্ন রয়েই যাচ্ছে।

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে ৬৯টি পণ্য বিভাগে আমদানি শুল্ক কমেছে, ১১৩টি পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার হয়েছে। তামাক ফিল্টার আমদানিতে সম্পূরক শুল্ক এক-তৃতীয়াংশের বেশি কমেছে; নিকোটিন পাউচেও কমেছে। সোলার সরঞ্জাম, বৈদ্যুতিক যানবাহন ও কিছু চিকিৎসা সামগ্রীর দাম কমবে। হৃদ্‌রোগের স্টেন্টে সরবরাহকারী পর্যায়ে ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার হয়েছে। তবে ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগের চিকিৎসা ভাতা বাড়ানো হয়েছে।

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৬ দশমিক ৫ শতাংশ; আইএমএফের সর্বশেষ পূর্বাভাস ৪ দশমিক ৯, এডিবির ৪ দশমিক ৭ শতাংশ। বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ৯ দশমিক ৪ শতাংশ, অথচ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রকৃত প্রবৃদ্ধি মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ।

সিপিডি থেকে বলা হয়েছিল, বাজেটের ভিত্তিসংখ্যাই অতিমূল্যায়িত। বাজেটে ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ ধরা হয়েছে; বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অস্থায়ী প্রাক্কলন ছিল ৪ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ ৬.৫ শতাংশে পৌঁছাতে প্রকৃতপক্ষে ২.৪ শতাংশ পয়েন্ট উঠতে হবে, মাত্র ১.৫ নয়। তবে বাজেট এখন আইন। কর কার্যকর ও বরাদ্দ অনুমোদিত। সমস্যা এখন আর সংসদে নয়, সমস্যা বাস্তবায়নে।

নামমূল্যে বাড়লেও বাজেটের জিডিপি-অনুপাত কমছে ধারাবাহিকভাবে। ২০১২-১৩ অর্থবছরের সর্বোচ্চ ১৬.৮ শতাংশ থেকে এখন ১৩.৭ শতাংশ। অর্থনীতির আকারের তুলনায় সরকার কম খরচ করছে। ৬ দশমিক ৮ শতাংশ কর আহরণ করে ১৩ দশমিক ৭ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা মানেই কাঠামোগত ঋণনির্ভরতা। এই নির্ভরতা এবারের বাজেটে সমাধান হয়নি, তবে পিছিয়ে দেওয়া হয়েছে।

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন রাজনৈতিকভাবে আকর্ষণীয় ও নীতিগতভাবে অর্জনযোগ্য। তবে সিপিডি থেকে বুয়েট পর্যন্ত বিশ্লেষকেরা এক কথাই বলছেন: দরকার প্রাতিষ্ঠানিক রূপান্তর। শুধু বড় সংখ্যা নয়; বরং বিস্তৃত করের ভিত্তি, সংকটমুক্ত ব্যাংকিং খাত এবং উন্নয়ন বরাদ্দের প্রকৃত ব্যয়। প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান কমবে কি না, তা স্পষ্ট হবে আগামী মাসগুলোতে।


লেখক: জারিন বিনতে ইয়াছিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

  • নিবন্ধের বিশ্লেষণটি লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণের প্রতিফলন। অবধারিতভাবে তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর অবস্থান বা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।

Related Topics

টপ নিউজ

বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net