মেসির জন্য নিজেদের বেতন কমাতে নারাজ বার্সা তারকারা
লিওনেল মেসির সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে বার্সেলোনার। ৩০ জুন পর্যন্ত আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি ছিল কতালানদের। নতুন চুক্তি না হওয়ায় মেসি এখন ফ্রি এজেন্ট। যেকোনো ক্লাবে যেতে পারবেন তিনি। তবে বার্সার বিশ্বাস, তাদের সঙ্গেই চুক্তি করবেন মেসি।
মেসিকে ধরে রাখতে ইতোমধ্যে ক্লাবের অন্য খেলোয়াড়দের বেতন কমানোর পরিকল্পনা করেছে বার্সা। কিন্তু বেধেছে বিপত্তি, মেসিকে রাখতে নিজেদের বেতন কমানোর বিপক্ষে বার্সার অন্যান্য তারকা ফুটবলাররা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার ইউকে তাদের প্রতিবেদনে এমনই জানিয়েছে।
বার্সা কর্তৃপক্ষ আশাবাদী হলেও মেসির নতুন চুক্তি নিয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। এর মাঝে বাকি ফুটবলাররা বেতন কাটার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিষয়টি জটিল হয়ে পড়ছে। বর্তমান যে অবস্থা, তাতে মেসি-বার্সার নতুন চুক্তির পথে বাধা হতে পারে এই বিষয়টি।
লা লিগা কর্তৃপক্ষ প্রতিটি ক্লাবকেই একটি নির্দিষ্ট বেতনের কাঠামোর আওতাধীন করেছে। এর অর্থ, দলের শীর্ষ বেতনভুক্ত ফুটলারদের বেতন না কমিয়ে মেসিকে লোভনীয় প্রস্তাব দেওয়ার সুযোগ নেই বার্সেলোনার। সুযোগও নেই আবার মেসিকেও হাতছাড়া করতে চায় না তারা, এ কারণে অন্যদের বেতন কমানোর পরিকল্পনা ক্লাবটির।
সাংবাদিক ভিক্টর নাভারোর উদ্ধৃতি দিয়ে স্পোর্টস উইটনেস তাদের খবরে জানিয়েছে, বার্সার এই পরিকল্পনার সঙ্গে একমত নন দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। নতুন মৌসুম শুরুর আগে বিষয়টির সুরাহা নাও হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
বিখ্যাত স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক গুইলেম বালাগও বিবিসি স্পোর্টসকে একইরকম জানিয়েছেন। তিনি বলেছেন, 'বার্সেলোনা দ্রুত সমাধান খুঁজছে। তবে এখনও অনেক কিছু আলোচনা করার বাকি। মেসিকে ধরে রাখতে হলে বার্সেলোনাকে ২০০ মিলিয়ন ইউরোর মতো খরচ কমাতেই হবে।'
