ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন চারজন। পরে তাদের মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) বিকালে ধানমন্ডির তাকওয়া মসজিদের পেছন থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেইজেও এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়। এতে অংশ নিতে গেলে চারজনকে আটক করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে আটককৃতদের মারধর করে ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে পুলিশ বলছে, ধানমন্ডিতে রোটনের জানাজা অনুষ্ঠিত হয়নি। এমনকি তাকওয়া মসজিদে মরদেহও আনা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব টিবিএসকে বলেন, 'ধানমন্ডিতে কোনো জানাজা হয়নি। কারো মরদেহও আসেনি। তবে তাকওয়া মসজিদের পেছনে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চারজনকে আটক করা হয়েছে। তাদের থানায় আনার পর বিস্তারিত জানা যাবে।'
গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। আজ তার মরদেহ ঢাকা আসার কথা রয়েছে এবং ঢাকায় জানাজা শেষে চট্টগ্রামে দাফনের কথা রয়েছে।
