বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
বিএনপি সরকারের বিরুদ্ধে গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি, সিন্ডিকেট, সারের ডিলারশিপ নিয়োগে দলীয়করণ ও আত্মীয়করণের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপি আয়োজিত নাগরিক সভায় দলটির নেতারা এসব অভিযোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে টাকা বিএনপি ও দলটির নেতা-কর্মীদের পকেটে যাচ্ছে।
তিনি বলেন, 'নির্বাচনের পর গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা থাকলেও কয়েক দফা দাম বাড়িয়ে বর্তমানে সরকারি হিসাবে তা ১ হাজার ৮০০ টাকা বলা হচ্ছে। অথচ বাজারে সেই সিলিন্ডার ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।'
নাহিদ অভিযোগ করেন, 'গ্যাস সিলিন্ডারের বাজারে সিন্ডিকেট করে দুই থেকে তিন গুণ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এই সিন্ডিকেটের মাধ্যমে বিএনপি ও দলটির নেতা-কর্মীরা লাভবান হচ্ছেন। এতে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং বাড়তি অর্থ চলে যাচ্ছে তাদের পকেট থেকে।'
সরকারের জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, 'সরকার পর্যাপ্ত গ্যাস দিতে পারছে না, ফলে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সরবরাহেও সংকট রয়েছে। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যোগ হয়ে সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।'
আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ বলেন, 'নির্বাচনে কোনোভাবেই যেন দলীয়করণ, প্রশাসনের ওপর প্রভাব বিস্তার কিংবা কারচুপির ঘটনা না ঘটে, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।'
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, 'বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপি এই দুই শক্তির কারণে মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে।'
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বিএনপির বিরুদ্ধে সারের ডিলারশিপ নিয়োগে দলীয়করণ ও আত্মীয়করণের অভিযোগ করেছেন।
তিনি বলেন, 'সারের ডিলার নিয়োগে ব্যবসায়িক যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে রাজনৈতিক পরিচয় এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ককে গুরুত্ব দেওয়া হচ্ছে।'
তিনি আরও অভিযোগ করেন, 'কে সংসদ সদস্যের ছেলে, কে স্থানীয় বিএনপি নেতার স্ত্রী, কার সন্তান কিংবা কার শ্যালক এসব বিবেচনায় নিয়ে সারের ডিলারশিপ দেওয়া হচ্ছে।'
সারজিস বলেন, 'এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের মানুষকে আবারও ১৬ বছরের জুলুম-নির্যাতনের পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।'
সভায় এনসিপির নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে সভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
