সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
ব্যক্তিশ্রেণীর করদাতারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে প্রদেয় করের ওপর ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত পাবেন। অন্যদিকে, ৩১ ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে নতুন প্রণোদনা কাঠামোর আওতায় অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
আজ রবিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আয়কর আইনের বিধান অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলকারীরা তাদের প্রদেয় করের ৫ শতাংশ হারে কর রেয়াত পাবেন। তবে এই রেয়াতের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা পাওয়া যাবে না।
আর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ২ শতাংশ অথবা ন্যূনতম ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ জরিমানা দিতে হবে।
এছাড়া ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলকারীদের ক্ষেত্রে জরিমানার পরিমাণ হবে প্রদেয় করের ৫ শতাংশ অথবা ন্যূনতম ৫ হাজার টাকা—যেটি বেশি।
এনবিআর জানায়, আগেভাগে রিটার্ন দাখিলে উৎসাহিত করা এবং দেরিতে রিটার্ন দাখিল নিরুৎসাহিত করতেই এই সংশোধিত কাঠামো চালু করা হয়েছে।
রাজস্ব কর্তৃপক্ষ আরও জানায়, গত ২২ জুলাই ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তি করদাতাদের ই-রিটার্ন সেবা চালু করা হয়েছে।
ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন এবং ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, অথবা বিকাশ, নগদ ও রকেট-এর মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।
এনবিআর জানায়, যারা অনলাইনে সঠিকভাবে রিটার্ন দাখিল করবেন, তারা তাৎক্ষণিকভাবে রিটার্ন গ্রহণের স্বীকৃতিপত্র এবং আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।
এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক সেবার মাধ্যমে কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা করবেন।
