কোভিড-১৯: একদিনে আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪৯; যাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৫৭ ও নারী ১ হাজার ৩৯২ জন।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৮৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৭৬৪।
শনিবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ১১৪টি ল্যাবে ১১ হাজার ৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ২৯ হাজার ৮৪২টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৪১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ২৩ শতাংশ। অন্যদিকে, শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৩৭ শতাংশ এবং মৃতের হার ১ দশমিক ৪৪ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট নমুনা পরীক্ষা: ২৪ লাখ ২৯ হাজার ৮৪২টি।
- মোট শনাক্ত: ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জন।
- মারা গেছেন: ৬ হাজার ৪৯ জন।
- মোট সুস্থ: ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
