১ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার জাবি শিক্ষার্থীদের
২৪ ঘণ্টার মধ্যে সকল শিক্ষার্থীর মুক্তিসহ ৯ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালনের পর, মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুপুর ১টা বেজে ৫০ মিনিটের দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।
এর আগে, বেলা ১২টা ৫০ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল, আন্দোলনরত শিক্ষার্থী লিওনসহ সকল শিক্ষার্থীকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়াসহ ছাত্র সমাজের ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায়, আগামীকাল রোববার থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন পালনের কথাও জানান শিক্ষার্থীরা।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।
এসময় সাভারের সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন।
এরপর বেলা সাড়ে ১২টা নাগাদ আন্দোলনরত শিক্ষার্থীরা সেখান থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে নেমে আসেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক আব্দুর রশিদ জিতু দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "গ্রেপ্তার আরিফ সোহেল, লিওনসহ সকল শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া না হলে এবং আজকের মধ্যে শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায় না হলে কাল থেকে অসহযোগ আন্দোলনে যাবে শিক্ষার্থীরা। এছাড়াও, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ২৪ ঘণ্টার মধ্যে হলগুলো খুলে না দেয়, তবে শিক্ষার্থীরা নিজেরাই তাদের করণীয় এবং সিদ্ধান্ত গ্রহণ করবে।"
এদিকে, মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
