সারাদেশে কোটা আন্দোলনে পুলিশের সঙ্গে স্কুল-কলেজ শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষে নিহত ১৫
রাজধানীর উত্তরা, বাড্ডা, মিরপুর-১০, শনির আখড়া, মহাখালী, ধানমন্ডি-২৭-সহ বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত 'কমপ্লিট শাটডাউন' আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর মেরুল বাড্ডা ক্যাম্পাসে পুলিশের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্য দিয়ে শুরু হয়।
এরপর থেকে উত্তরা, বাড্ডা, ধানমন্ডি-২৭, মিরপুর-১০, শনির আখড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
পুলিশ ক্যাম্পাসের চারপাশে রাবার বুলেট ও টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা যায়।
এদিকে, ঢাকা ও আশেপাশের এলাকার বাসিন্দারা আজ সকাল থেকে মোবাইল ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিনিধিদের পাঠানো কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ খবর পড়ুন এ লাইভ আপডেট থেকে।
রাত ৮টা ৩০ মিনিট
যাত্রাবাড়ীতে সংঘর্ষে সাংবাদিক নিহত
কোটা সংস্কার আন্দোলনের মাঝে ঢাকা টাইমস-এর সাংবাদিক হাসান মেহেদী নিহত হয়েছেন। ঢাকা টাইমস-এর বার্তা সম্পাদক দিদার মালেকীন টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।
এর আগে মেহেদী বেসরকারি টেলিভিশন নিউজ২৪-এর প্রতিবেদক ছিলেন।
নিহত মেহেদীর সাতমাসের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি পরিবারসহ যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সন্ধ্যা ৭টা ৫০ মিনিট
ঢামেকে আরও ৩ জনের মৃত্যু: পুলিশ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া টিবিএসকে জানান, বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত আরও তিনজনের ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ইমরান নামে একজনকে শনাক্ত করা গেছে। আনুমানিক ২৬ বছর বয়সি ইমরান বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর কদমতলী সংঘর্ষে আহত নাজমুল (২৮) নামক আরেক ব্যক্তি নিহত হয়েছেন।
এছাড়া আজিমপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১৮–২০ বছর বয়সি আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট
কোটা নিয়ে আপিল শুনানি রেবাবার সকালে
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রোববার (২১ জুলাই) দিন ধার্য করেছেন চেম্বার আদালত।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওইদিন এ বিষয়ে শুনানি হবে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিশেষ চেম্বার জজ আদালত শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে রোববার আপিল শুনানির জন্য আবেদন করেন অ্যটর্নি জেনারেলর এএম আমিন উদ্দিন।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন টিবিএসকে বলেন, রোবার ১০টার মধ্যেই এই আপিল শুনানি অনুষ্ঠিত হতে পারে। অগ্রাধিকারের ভিত্তিতে আপিলটি শুনানি করবেন আপিল বিভাগ।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত
উত্তরায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে পুলিশের গুলিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্র নিহত হয়েছেন।
নিহত পারভেজ শাকিল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ১৭তম ব্যাচের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র বলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল আলম আজ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে পুলিশ পারভেজকে কথা বলতে ডেকে নিয়ে তার পেটে রাবার বুলেট দিয়ে গুলি করে। এতে পারভেজ গুরুতর আহত হন।
তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিট
চট্টগ্রামে বহাদ্দারহাট পুলিশ বক্সে আগুন, থেমে থেমে সংঘর্ষ চলছে
চট্টগ্রাম নগরীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের চার ঘন্টাব্যাপী সংঘর্ষের মধ্যে বহাদ্দারহাট পুলিশ বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সংঘর্ষ চলছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কালুরঘাট স্টেশনের সেন্টি হাসানুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'পৌনে ৬টার দিকে পুলিশ বক্সে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।'
সন্ধ্যা ৭টা
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে নিহত ২
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন।
সংঘর্ষে আহত হওয়ার পর অজ্ঞাতপরিচয় ওই দুই ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন বলে টিবিএসকে নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তুহিন শুভ্র দাশ।
তিনি আরও বলেন, তিন পুলিশসহ আরও অন্তত ৩৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
এ নিয়ে কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে মোট নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিট
মহাখালীতে সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, পুলিশ বক্সে আগুন
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মহাখালীতে সেতু ভবনে আগুন দিয়েছেন।
এর আগে এ দিন বিকেলে আমতলী পুলিশ বক্স এবং মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগুন দেন বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার আরিফুল ইসলাম রনি টিবিএসকে নিশ্চিত করেছেন।
সন্ধ্যা ৭টা ৮ মিনিট
সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা দখল শিক্ষার্থীদের
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত অবস্থান নিয়েছেন বলে ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন।
এর পাশেই নীলক্ষেত হয়ে ঢাবির প্রবেশ পথ মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে অবস্থান নিয়েছে পুলিশ।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক
বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) (bsl.org.bd) হ্যাক হয়েছে।
ওয়েবসাইটের উপরে 'Hacked by The Resistance' বলে একটি বাক্য দেখা যাচ্ছে। এতে অজ্ঞাত ব্যক্তিদের ছবিও রয়েছে।
তাদের ওয়েবসাইটে চলমান কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিক বার্তাও দেখা যাচ্ছে।
সন্ধ্যা ৬টা ১৫ মিনিট
রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র 'নিহত'
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনের সময় আজ বৃহস্পতিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার কথা জানা গেছে।
তার নাম ফারহান ফাইয়াজ রাতুল। সে রেসিডেন্সিয়াল মডেলের একাদশ শ্রেণির ছাত্র। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির একজন শিক্ষক।
সন্ধ্যা ৬টা
সাড়ে ৫টার পর থেকে বন্ধ মেট্রোরেল
মেট্রোরেল চলাচল আজ বিকাল সাড়ে ৫টার পর বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
এই পোস্টে বলা হয়েছে, 'অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রোট্রেন বিকাল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রোট্রেন চলাচল করবে না।
বিকেল ৫টা ৫০ মিনিট
২১-২৫ জুলাইয়ের নির্ধারিত এইচএসসি পরীক্ষা স্থগিত
কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান আন্দোলনের মধ্যে সব শিক্ষা বোর্ডের আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
এতে বলা হয়, ২৮ জুলাই থেকে অনুষ্ঠেয় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
বিকেল ৫টা ৪৫ মিনিট
ক্যাম্পাসের দখল নিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যায় (ববি) এলাকা থেকে পুলিশ ও র্যাব সদস্যদের বের করে দিয়ে দখলে নিয়েছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা তাদের বের করে দেন। তবে পুলিশকে আবারো ক্যাম্পাসে প্রবেশের প্রস্তুতি নিতে দেখা গেছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, পুলিশের হামলায় ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, 'এখন পর্যন্ত আহত ৫০ জনের বেশি শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে কয়েকজন গুলিতে আহত।'
বিকেল ৫টা ৩৫ মিনিট
মিরপুর ১০-এ শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে এলাকাবাসী
মিরপুর-১০-এর গোলচক্কর এলাকায় প্রায় কয়েক হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সেখানে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় মানুষজনও যোগ দিয়েছেন।
এ সময় বিক্ষোভকারীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
বিকেল ৫টা
'আলোচনা নয়, দাবি মেনে নিতে হলে প্রজ্ঞাপন জারি করতে হবে'
কোটা সংস্কার আন্দোলনের নেতারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাজমুল হাসান বলেছেন, সরকারের সাথে আলোচনার বিষয়ে ভাবছেন না তারা। বরং তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলে রাজপথ থেকে সরে যাবেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার নীতিগতভাবে কোটা সংস্কারের বিষয়ে একমত, এবং শিক্ষার্থীরা যখনই রাজি হবে, তখনই তাদের সাথে সরকার আলোচনা করবে।
বিকেল ৪টা ৩৯ মিনিট
ডেমরায় হানিফ ফ্লাইওভারের বুথ এবং ফ্লাইওভারের শনির আখড়ায় অবস্থিত জেনারেটর হাউজ ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে।
ফ্লাইওভারের ট্রাফিক বিভাগের প্রধান নায়েফ উদ্দিন খান জানান, ফ্লাইওভার বুথ এবং জেনারেটর হাউজে ১৫–১৮ বছর বয়সি একদল অজ্ঞাত ব্যক্তি হামলা চালান।
তিনি বলেন, ওই দলটি সেখানে জড়ো হলে পুলিশ তাদের দিকে এগিয়ে যায়। এরপর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে দুপুর সোয়া ২টার দিকে তারা তিনটি বুথ ও প্লাজায় হামলা ও ভাঙচুর করে।
'তারা বুথ এবং প্লাজায় আগুন ধরিয়ে দেয়। একই সময়ে তারা শনির আখড়ায় আমাদের জেনারেটর হাউজে আগুন দেয়,' বলেন এ কর্মকর্তা।
বিকেল ৪টা ৩৩ মিনিট
ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন জাবি শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন।
আমাদের সংবাদদাতা জানান, ফজিলাতুন্নেসা হল থেকে একদল বিক্ষোভকারী বিকেলে ভিসির বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন। অন্যদিকে বিক্ষোভকারীদের আরেকটি দল কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে জড়ো হয়েছেন।
বিকেল ৪টা ৩০ মিনিট
দেশব্যাপী শাটডাউনে অচল শহরগুলো, মহাসড়ক অবরোধ বিক্ষোভকারীদের
কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত শাটডাউনে সারা দেশের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে গেছে। এতে আন্তঃনগর যোগাযোগ ব্যবস্থা ও জনসেবা প্রভাবিত করেছে।
বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-বরিশাল মহাসড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেছেন বলে জানা গেছে।
বিকেল ৪টা ২০ মিনিট
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যানটিন, রিসিপশন ও গাড়িতে আগুন দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে প্রধান ফটক ভেঙে টিভি স্টেশনের ভেতরে ঢুকে উত্তেজিত শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
বিকেল ৪টা ৯ মিনিট
ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ রাবি শিক্ষার্থীদের
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির যৌথ দল মোতায়েন করা হয়েছে। যৌথ দলের সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ঘটনাস্থল ত্যাগের আহ্বান জানান। অবশ্য বিক্ষোভকারীরা তাদের আহ্বানে কর্ণপাত করেননি।
বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলেও পুলিশ ও বিজিবি তাদের বাধা দেয়।
বিকেল ৩টা ৪৩ মিনিট
আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় মাদারীপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপ্ত হাওলাদার লেকে ঝাঁপ দেন।
পরে পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিকাল ৩টা ৩১ মিনিট
সাভার বাসস্ট্যান্ড এলাকায় মিলিটারি ইনস্টিটিউট অভ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আমাদের সাভার প্রতিনিধি জানান, ওই শিক্ষার্থী পুলিশের এপিসি ভ্যানের ওপরে উঠলে পুলিশ তাকে গুলি করে। তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
দুপুর ২টা ২৫ মিনিট
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে ঢাকার উত্তরা ও বাড্ডা এলাকায় দুইজন নিহত হয়েছেন। নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে উত্তরায় একজন নিহত হয়েছেন। ওই ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল কলেজের উত্তরা শাখার জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের নার্স সুপারভাইজার শাহিদা বেগম।
অন্যদিকে রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় পুলিশের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে আরেকজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দুলাল মাতবর। তিনি পেশায় হাইএস চালক। সংঘর্ষের সময় তিনি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক রুবেল হোসেন টিবিএসকে বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
বেলা ১টা ৫০ মিনিট
নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত ব্লক করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউআইইউ, এআইইউবি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও ভিকারুননিসা নূন স্কুলসহ আশপাশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। সকাল সাড়ে ১০টা থেকে এখানে তারা অবস্থান করছেন বলে জানিয়েছেন।
এই সড়কে রাস্তায় কোনো যানবাহন চলাচল করছে না। মূল সড়কে প্রায় সব দোকানপাট বন্ধ।
বেলা ১টা ৪০ মিনিট
মিরপুর ১০-এ রাবার বুলেটে অন্তত ৫০ জন আন্দোলনরত শিক্ষার্থী আহত হয়েছেন বলে ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন।
হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছেন পুরো মিরপুর ১০ মোড় ও মিরপুর ১০-এর দিকে যাওয়ার রাস্তাজুড়ে।
বেলা ১টা ২০ মিনিট
নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি ও এআইইউবির শিক্ষার্থীরা রাজধানীর নতুন বাজার থেকে শুরু করে যমুনা ফিউচার পার্ক ও কুড়িল বিশ্বরোড পর্যন্ত অবরোধ করেছেন।
পুলিশও ঘটনাস্থলে জড়ো হয়েছে; থেমে থেমে টিয়ার শেল নিক্ষেপ করছে।
ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় ওই এলাকা থেকে কোনো সরাসরি ছবি পাওয়া যাচ্ছে না। তবে সেখানকার পরিস্থিতি খুব উত্তেজনাপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।
বেলা ১টা ৭ মিনিট
আমাদের সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, মিরপুর ১০ মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।
মিরপুর ১০-এর মেট্রো রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং যাত্রীদের ট্রেনে করে কাজীপাড়া ও মিরপুর ১১ স্টেশনে পাঠানো হয়েছে।
সকাল থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে অবস্থান নিয়েছেন আশপাশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বেলা ১২টা ৪৫ মিনিট
ইউনিফর্ম না পরা কিছু অল্পবয়সি শিশুদের নিয়ে ধানমন্ডি ২৭ নম্বর রোডে নেমেছে কলেজের শিক্ষার্থীরা। রাস্তা সম্পূর্ণ অবরোধ করে দিয়েছে তারা।
পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়লে তারা বিভিন্ন পয়েন্ট থেকে ছত্রভঙ্গ হয়ে পার্শ্ববর্তী লালমাটিয়া ও ধানমন্ডি আবাসিক এলাকায় পালিয়ে যায়।
দুপুর ১২টা ৪৫ মিনিটে শিক্ষার্থীদের সড়কে কিছুক্ষণের জন্য অবরোধ করতে দেখা যায়।
বেলা ১২টা ৪৫ মিনিট
শিক্ষার্থীরা রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়ক অবরোধ করেছেন।
বেলা ১২টা ৩০ মিনিট
মিরপুর-১০ মোড় থেকে ছাত্রলীগের নেতাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারী এক ছাত্র।
বেলা ১২টা ৫ মিনিট
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) অন্তত ৫০০ শিক্ষার্থী মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে ব্র্যাক, ইডব্লিউইউ, কাব ও ইম্পেরিয়াল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন।
সকাল ১১টা ৪০ মিনিট
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি ও ইম্পেরিয়াল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে রেখেছেন।
মুখে রাবার বুলেটের আঘাত পাওয়া ইম্পেরিয়াল কলেজের একজন শিক্ষার্থী বলেন, 'আমাদের শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ আমাদের দিকে রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছুড়তে শুরু করে।'
সকাল ১১টা ২০ মিনিট
রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।
আজ সকাল ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শনির আখড়া এলাকার দিক থেকে মিছিল নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসার চেষ্টা করেন। এ সময় তাদের ঠেকাতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সকাল সোয়া ১১টার দিকে যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল বলে জানানো হয়েছে প্রথম আলোর প্রতিবেওদনে। এরপর শনির আখড়ার কাজলা এলাকা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পুরো সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সকাল ১১টা
কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে বরিশালে সড়কে নেমেছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের রুপাতলীতে কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে পুরো নগরী স্থবির হয়ে পড়েছে। আজ সকাল সাড়ে ১০টা থেকে অবরোধ শুরু হয়।
বুধবার রাত দেড়টা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়ক অবরুদ্ধ ছিল। এদিন দুপুর ১টার দিকে চৌমাথা এলাকায় শিক্ষার্থীদের সাথে জড়িয়ে পড়ে পুলিশ। সংঘর্ষে আন্দোলনকারী অন্তত অর্ধশত, ২৫ জন পুলিশ সদস্য ও পাঁচজন সাংবাদিক আহত হন।
সকাল ১০টা ৫০ মিনিট
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা। আজ সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা। একদিকে পুলিশ টিয়ারশেল ছুড়ছে, অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে ইট-পাথর ছুড়ছে।
সকাল ১০টা ৪৫ মিনিট
শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারপাশে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
ঘটনাস্থলে থাকা আমাদের প্রতিবেদক জানিয়েছেন, অন্তত পাঁচজন শিক্ষার্থীর মুখে, হাতে ও পায়ে রাবার বুলেটের আঘাত লেগেছে।
এর আগে সকাল ১০টায় ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি ও ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীরা ব্র্যাক ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন।
বেলা পৌনে ১১টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। মেরুল-বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সকাল ১০টা ৩৫ মিনিট
গতকালের সংঘর্ষের পর আজ (১৮ জুলাই) সকাল পর্যন্ত সুনসান নীরবতা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি সদস্যদের মহড়া দিতে দেখা যায়। টিএসসি ও টিএসসিসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে অবস্থান করছিলেন শতাধিক বিজিবি সদস্য।
এছাড়া প্রত্যেক মোড়ে কড়া পাহারায় রয়েছেন পুলিশ সদস্যরা। বিশ্ববিদ্যালয় এলাকায় অ্যাম্বুলেন্স ও সাংবাদিক পরিচয় ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সকাল ৯টা ১০ মিনিট
'কমপ্লিট শাটডাউন'কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ।
