করোনায় আরও ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ৩২০০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৪০।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২০০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৩৪৪।
মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯১টি ল্যাবে ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯টি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৩৪ জন। এ নিয়ে মোট ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে ওঠলেন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ১১ জন। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৯৫৩ পুরুষ ও ৭৮৭ নারী কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৮৭ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
