করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২০২৪
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিন হাজার ৬৫৭ জনে পৌঁছালো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৫ জনসহ এ পর্যন্ত মোট ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন প্রাণঘাতী এই ভাইরাস থেকে সেরে উঠেছেন।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৭টি ল্যাবে ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ এবং মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৮৯০ জন পুরুষ ও ৭৬৭ জন নারী কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
