চট্টগ্রামে একদিনে রেকর্ড ৪৪৫ জন করোনায় আক্রান্ত
চট্টগ্রামে একদিনে রেকর্ডসংখ্যক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৪৫ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া মারা গেছেন দুজন।
সোমবার সাতটি ল্যাবের পরীক্ষায় এ ফল পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে ৩২৪ জন চট্টগ্রাম মহানগরীর এবং ১২১ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট হাজার ৪৮০ জনে।
অন্যদিকে, মোট মৃতের সংখ্যা ১৭৩ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, চট্টগ্রামের ছয়টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজে এ পর্যন্ত ৩০ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২১৬ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় ১২১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৩৩ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১২৭ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৮০ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজে ১০ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা পজিটিভ পাওয়া যায়।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১২১ জনের মধ্যে লোহাগাড়ায় চার, সাতকানিয়ায় সাত, বাঁশখালীতে দুই, আনোয়ারায় ছয়, চন্দনাইশে সাত, পটিয়ায় নয়, বোয়ালখালীতে ছয়, রাউজানে ছয়, ফটিকছড়িতে সাত, হাটহাজারীতে ২২, মিরসরাইয়ে ২৬, সন্দ্বীপে পাঁচ ও সীতাকুণ্ডে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৫৯ জন সুস্থ হয়েছেন।এ পর্যন্ত জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২৪ জন।
