চট্টগ্রামে করোনাভাইরাসে পুলিশ সদস্যের মৃত্যু
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নেকবার হোসেন (৪৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্দর নগরীতে তিনজন পুলিশ সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন।
শনিবার সকালে করোনাভাইরাস চিকিৎসায় নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই পুলিশ সদস্য চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, ওই পুলিশ সদস্যের তীব্র শ্বাসকষ্ট ছিল। শুক্রবার বিকেলে তাকে হাসপাতালে আনার পর আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার ভোরে মারা যান তিনি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১০ মে থেকে নেকবার বাসায় ছিলেন। ১৪ মে তাকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২২ মে তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মে তার নমুনা নেওয়া হয়। শুক্রবার তার নমুনা প্রতিবেদনে করোনাভাইরাস পজিটিভ আসে।
