টানা সেঞ্চুরিতে দারুণ রেকর্ডে মুমিনুলের পাশে শান্ত
আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহিদির ফুলার লেংথের ডেলিভারিটি আলতো করে স্কয়ার লেগে পাঠিয়ে এক রান পূর্ণ করলেন নাজমুল হোসেন শান্ত। অপর প্রান্তের ব্যাটসম্যান মুমিনুল হকও ততোক্ষণে স্ট্রাইক প্রান্তে পৌঁছে গেছেন। রান পূর্ণ করেই চেনা ভঙ্গিতে ব্যাটের ওপর দিয়ে চুমু ভাসিয়ে দিয়ে শান্তর উদযাপন, এগিয়ে গিয়ে অভিনন্দন জানালেন মুমিনুল। যে রেকর্ডে মুমিনুল নিজে এতোদিন ছিলেন একক, সেই রেকর্ড উঠলো শান্তর নাম।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন ব্যাট হাতে সেরা ছন্দে থাকা শান্ত। টানা দুই সেঞ্চুরিতে দারুণ এক কীর্তিতে নাম উঠেছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। মুমিনুল হকের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির রেকর্ডে নিজের নাম তুললেন শান্ত।
২০১৮ সালে বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুমিনুল। সাবেক এই টেস্ট অধিনায়ক চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হওয়া সেই টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের অসাধারণ ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেন ১০৫ রান। পাঁচ বছর পর মুমিনুলকে সঙ্গে নিয়েই সেই রেকর্ডে নিজের নাম তুললেন বছরজুড়ে ব্যাট হাতে দাপট দেখিয়ে আসা শান্ত।
বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যান আফগানদের বিপক্ষে প্রথম ইনিংসে ১১৮ রানে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৭৫ বলে ২৩টি চার ও ২টি ছক্কায় ১৪৬ রানের অসাধারণ ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে আরও দ্রুততার সঙ্গে ব্যাট চালিয়েছেন শান্ত। রেকর্ডে নাম তোলার সেঞ্চুরিতে পৌঁছাতে তার খরচা ১১৫ বল, চার মেরেছেন ১৩টি। দ্বিতীয় ইনিংসে ১৫১ বলে ১৫টি চারে ১২৪ রান করে আউট হন বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসা হয়ে ওঠা শান্ত।
চলতি বছর সব ফরম্যাটেই হাসছে তার ব্যাট। তিন ফরম্যাট মিলিয়ে ১৮ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিসহ ৫৬.২০ গড়ে ৮৪৩ রান করেছেন শান্ত, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। দুই ইনিংসেই সেঞ্চুরি করে অন্যদের সঙ্গে আরও ব্যবধান বাড়িয়ে নিলেন তিনি। ১২ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরিসহ ৬৭.৫৫ গড়ে ৬০৮ রান করা মুশফিকুর রহিম আছেন দুই নম্বরে।
