করোনাজয়ী ১৬ পুলিশকে ফুলে-গানে বরণ করলেন গাজীপুরের পুলিশ সুপার
করোনাজয়ী পুলিশের ১৬ সদস্যকে রোববার ফুল দিয়ে বরণ করেছেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার। এ সময় সহকর্মীদের সঙ্গে হাততালি দিয়ে ও 'আমরা করব জয়' গান বাজিয়ে কাজে ফিরে আসা ওই পুলিশ সদস্যদের অভিবাদন জানান তিনি।
জেলার কালীগঞ্জ থানার ৭ এসআই ও ৪ এএসআইসহ ওই ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ হোম আইসোলেশনে ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই বেশ সতর্ক অবস্থানে থেকে তৎপর ছিলেন গাজীপুরের পুলিশ সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে কালীগঞ্জ থানার ১৫ জন পুলিশ সদস্য ও বিশেষ আনসারের একজনসহ মোট ১৬ জন পর্যায়ক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হন।
১৫ থেকে ২১ এপ্রিলের মধ্যে নমুনা পরীক্ষায় ওই ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে পুলিশের ৭ জন এসআই, ৪ জন এএসআই, একজন নারীসহ ৪ জন কনস্টেবল এবং বিশেষ আনসারের একজন সদস্য রয়েছেন। আক্রান্তরা প্রায় তিন সপ্তাহ হোম আইসোলেশনে থেকে সকলেই করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেন এবং কাজে ফিরে আসেন।
ওসি একেএম মিজানুল হক আরও জানান, করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ফিরে আসা ১৬ জনকে রোববার গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার কফুল দিয়ে বরণ করে নেন। কাজে যোগদান উপলক্ষে উৎসাহ দিতে ভিন্নধর্মী এ অনুষ্ঠানে করোনা জয় করে ফিরে আসার অভিজ্ঞতা শেয়ার করেন ওই ১৬ জন পুলিশ সদস্য।
পুলিশ সুপার শামসুন্নাহার করোনাজয়ীদের সম্বর্ধনা দিতে গিয়ে বলেন, প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই বেশ সতর্ক অবস্থানে থেকে তৎপর ছিল গাজীপুরের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্যরা। মৃত্যুভয়কে উপেক্ষা করে দায়িত্ব পালন করতে গিয়ে একই থানার ১৬ জন পুলিশ সদস্য পর্যায়ক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হন। তবু পিছু হটেননি কেউ। নতুন করে লড়াই শুরু হয় করোনার বিরুদ্ধে। প্রায় তিন সপ্তাহ বিধিনিষেধ মেনে চিকিৎসা নেওয়ায় করোনাভাইরাস আক্রান্ত ওই ১৬ জন সুস্থ হয়ে উঠেন এবং কাজে ফিরে আসেন। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এলেও এতটুকু মনোবল হারাননি করোনাজয়ীরা।
পুলিশ সুপার এ সময় করোনা দুর্যোগ মোকাবেলায় পিছু না হটে সতর্ক হয়ে জেলা পুলিশের সবাইকে মাঠে থাকার পরামর্শ দেন। তিনি করোনাভাইরাস আক্রান্তদের পরিবারকে সহযোগিতায় এগিয়ে আসার আশ্বাসও দেন। এছাড়া করোনাকে ভয় না পেয়ে সতর্ক হয়ে কাজ করার জন্য পুলিশ সদস্যদের পরামর্শ দেন পুলিশ সুপার।
এ সময় করোনাজয়ীরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদের সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা জানান এবং সহযোগিতার জন্য পুলিশ সুপারসহ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর ঈদ উপলক্ষে করোনাজয়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
