গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
গাজীপুরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল থেকে পুলিশকে প্রকাশ্য খুনের হুমকি দেওয়া হয়। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় মিছিল করেন তারা।
মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান ও হুমকি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ইতিমধ্যেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় হঠাৎ করেই যুবলীগের ব্যানারে ২০-২৫ জনের একটি দল মিছিল বের করে। মিছিলটি দেখে কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্য সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে থেকে এক যুবক পুলিশ সদস্যদের লক্ষ্য করে উত্তেজিত ভঙ্গিতে হুমকি দিচ্ছেন- 'এই একটাও সামনে আইবি না, মাইরালামু-মাইরালামু! একটাও সামনে আইবি না, একদম মাইরা ফালামু।'
পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, মিছিলে যে ব্যক্তি নেতৃত্ব দিচ্ছিলেন, তার নাম রাকিব সরকার। তিনি গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। ৫ আগস্টের পর তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন।
সূত্রটি আরও জানায়, সম্প্রতি রাকিব সরকার কলকাতা থেকে দেশে ফিরেছেন এবং দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, কলকাতা থেকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এই ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির কাজে অর্থ জোগান দিচ্ছেন।
এ বিষয়ে গাজীপুর মহানগর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, "ঝটিকা মিছিলে অংশ নেওয়া ও হুমকিদাতাদের শনাক্ত করা হয়েছে। তারা সবাই নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। তাদের বিরুদ্ধে আমরা সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছি। আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে, কাউকেই ছাড় দেওয়া হবে না।"
