প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা
ইসরায়েলের সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান- এলবিট সিস্টেম -এর একটি চালান উড়োজাহাজে তুলতে বাধা দিয়েছেন ফ্রান্সের একটি কার্গো কোম্পানির কর্মীরা। প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। ফ্লাইটটি প্যারিস থেকে ইসরায়েলে যাওয়ার কথা ছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর বরাতে এ তথ্য জানা গেছে।
চালান থাকা উপকরণগুলো ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসের উৎপাদন বিভাগের জন্য নির্ধারিত ছিল। এয়ার ফ্রান্সের একটি উড়োজাহাজে এটি লোড করার কথা ছিল।
ওই সময়ে বিমান পরিবহন খাতের শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ফ্রান্সের তিনটি প্রধান শ্রমিক সংগঠন জানায় যে, তারা আগামী শনিবার (১০ অক্টোবর) রাতে নির্ধারিত 'এল আল'-এর একটি ফ্লাইটেও যেন এই চালানটি লোড হতে না পারে, সে লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবে। উল্লেখ্য, এল আল ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থা বা এয়ারলাইন।
যন্ত্রাংশ ও কার্গোর চালানটি যেন কোনোভাবেই এলবিট সিস্টেমসের হাতে না পৌঁছায়, সেজন্য 'আরর্জেন্স প্যালেস্টাইন'-সহ ইসরায়েলবিরোধী বেশ কয়েকটি গোষ্ঠীর সাথে যৌথভাবে কাজ করেছে এসব শ্রমিক সংগঠন। তারা এই প্রক্রিয়ার বিলম্বকে একটি বিজয় হিসেবে আখ্যায়িত করেছে এবং ফরাসি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চালানটি অবরুদ্ধ করার আহ্বান জানিয়েছে।
সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে ফ্রান্স সরকার ও বিমান পরিবহন কর্তৃপক্ষের কাছে চালানটির পরিবহন স্থায়ীভাবে রোধ করার জোর দাবি জানিয়ে বলে, "কোনো এয়ারলাইন্সের নাম পরিবর্তনের সাথে ফ্রান্সের আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও দায়িত্ব পরিবর্তিত হয়ে যায় না।"
এদিকে ফরাসি সংবাদমাধ্যমের অনুসন্ধানের জবাবে এয়ার ফ্রান্স দাবি করেছে যে, তাদের উড়োজাহাজে এই ধরণের কোনো কার্গো বা মালামাল পরিবহন করা হয়নি। বিমান সংস্থাটি আরও জানায় যে, তারা "ইসরায়েলগামী তাদের কোনো ফ্লাইটে অস্ত্র বা গোলাবারুদ পরিবহন করে না।"
