ইরানে পরিদর্শন কার্যক্রম চালানো হবে, প্রক্রিয়া নিয়ে কাজ চলছে: আইএইএ প্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ শিগগিরই ইরানে পরিদর্শন কার্যক্রম চালাবে। আজ বুধবার সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এ তথ্য জানিয়েছেন।
"পরিদর্শন কার্যক্রম অবশ্যই হবে", জাপানে এক সংবাদ সম্মেলনে বলেন রাফায়েল গ্রোসি। এই সংবাদ সম্মেলনের অডিও রেকর্ডিং পরে আইএইএ অনলাইনে প্রকাশ করে।
যদিও পরবর্তীতে তেহরান ইঙ্গিত দিয়েছে যে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকারের বিষয়টি নির্ভর করছে চূড়ান্ত চুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর।
গত সপ্তাহে দুই পক্ষ ১৪ দফার একটি সমঝোতা স্মারকে সই করে। সেখানে যুদ্ধের শেষ করার জন্য নীতিগতভাবে বিস্তৃত কিছু বিষয়ে সম্মত হয় উভয়পক্ষ। এই অন্তর্বর্তী চুক্তির ফলে পরবর্তী ৬০ দিনের আলোচনা শুরু করার পথ উন্মুক্ত হলো। আর এর লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচিসহ জটিল ও বিতর্কিত বিষয়গুলোর বিস্তারিত সমাধান খুঁজে বের করা।
তেহরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে রাফায়েল গ্রোসি বলেন, "খুব শিগগিরই আমরা তারিখ, পদ্ধতি এবং পরিদর্শনের স্থানসহ বিভিন্ন বিষয়ের কার্যপদ্ধতি নিয়ে কাজ শুরু করব।"
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি আজ জানিয়েছেন, বর্তমানে হামলার শিকার হওয়া পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক উপকরণে প্রবেশাধিকার দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
তার মতে, এসব বিষয় কেবল ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তির কাঠামোর মধ্যে এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে "বাস্তব পদক্ষেপ" নেওয়ার পরই বিবেচনা করা হবে।
